ইন্ডাস্ট্রির ভালো সময়ের জন্য আর একটু অপেক্ষা করতে হবে: পায়েল
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’র মতো জনপ্রিয় সিরিজের অফার কতটা চ্যালেঞ্জিং ছিল?

Advertisement

•• চ্যালেঞ্জিং তো বটেই। মোনালিসা বসু চরিত্রটা আমাকে ভাবিয়েছেও খুব। এত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে কী অভিজ্ঞতা হয় সেটা নিয়েও আগ্রহী ছিলাম। এখন দেখি দর্শক কী বলেন।
• ট্রেলার দেখে মনে হচ্ছে মোনলিসা বেশ রহস্যময়ী...
•• (হেসে) রহস্যটা স্ট্রিমিং না হওয়া পর্যন্ত না হয় বজায় থাক। তবে চরিত্রটার অনেক স্তর রয়েছে। মোনালিসার চিন্তাভাবনা খানিক আলাদা। কারও সঙ্গেই মেলে না।  
• রজতাভ দত্তর সঙ্গে কাজের অভিজ্ঞতা?
•• রজতাভদা আমার প্রথম ছবিতেই সহ অভিনেতা ছিলেন। খুব সহজ মানুষ। অভিনেতা হিসাবেও দারুণ। ইন্সপেক্টর নলিনীকান্তকে জীবন্ত করে তুলেছেন তো রজতাভ দত্তই।
• পটভূমি পাহাড়। আপনার প্রিয় বেড়ানোর জায়গা। শ্যুটিং আর ট্রেকিং কতটা উপভোগ্য ছিল?
•• শ্যুটিং হয়েছিল টুমলিং-এ। মূলত ট্রেকিং এরিয়া। বীভৎস ঠান্ডা। সঙ্গে বৃষ্টি। নো নেটওয়ার্ক। মেঘের দেশে বেশ কাঁপতে, কাঁপতে আর হইহই করে কেটেছে কয়েকদিন।
• সদ্য মুক্তি পেল আপনার ছবি ‘নজরবন্দি’। সাইবার ক্রাইম থ্রিলার?
•• এই ছবিতে আমার চরিত্রের নাম নীহারিকা। মোনালিসা এবং নীহারিকা দুটো ভিন্ন শেডের চরিত্র। নীহারিকার মতো চরিত্রে আগে কখনো অভিনয় করিনি।  
• আপনার আসন্ন ছবি ‘ডাকিনি বিদ্যা’। এর মতো ডার্ক ফ্যান্টাসি বেছে নেওয়ার কারণ কী?
•• চিত্রনাট্যটা খুব ইন্টারেস্টিং। চরিত্রটাও বেশ মনে ধরেছিল। আমি প্রথম থেকেই সব ধরনের চরিত্রে অভিনয়ের চেষ্টা করেছি। কতটা কী করতে পেরেছি, দর্শক বিচার করবেন। 
• ওটিটি আর বড়োপর্দার ক্ষেত্রে দর্শকের চাহিদার ফারাক কী বুঝলেন? 
•• আমার কাছে দর্শকদের চাহিদার চেয়ে যে চরিত্রটায় অভিনয় করছি সেটা গুরুত্বপূর্ণ। আর অবশ্যই চিত্রনাট্য কেমন, তার উপর অনেকটা নির্ভর করে। গল্প, অভিনয় ভালো হলে দর্শক সব মাধ্যমেই আগ্রহ নিয়ে দেখবেন। 
• ইন্ডাস্ট্রির পরিবর্তন নিয়ে আপনার কী পর্যবেক্ষণ?
•• আমরা একটা পরিবর্তন আশা করছিলাম। সময়ের সঙ্গে মানুষের সামনে পরিবর্তনটা আরও বেশি প্রকাশিত হবে। বদলের জন্য সময় দিতে হয়। ইন্ডাস্ট্রির ভালো সময়ের জন্য আর একটু অপেক্ষা করতে হবে। 
প্রিয়ব্রত দত্ত