৫ সেপ্টেম্বর, নয়াদিল্লি: ফের একবার ভারত-চীন-রাশিয়ার সম্পর্কের প্রতি কটাক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিন দেশের পারস্পরিক সম্পর্ককে আমেরিকা যে মোটেও ভালো চোখে দেখছে না, তা আগেই স্পষ্ট করেছিল ওয়াশিংটন। এবার সোশ্যাল মিডিয়ায় 'কাঁদুনি' গেয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট করলেন ট্রাম্প।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট লেখেন, " মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে গভীরতম অন্ধকারাচ্ছন্ন চীনের কাছে হারিয়ে ফেলেছি।" এরপরেই ব্যাঙ্গাত্মক ভাবে তাঁর সংযোজন "আশা করি তাঁদের ভবিষ্যৎ সমৃদ্ধ ও দীর্ঘ হোক।"
উল্লেখ্য বিষয় হল, তিয়ানজিনের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেডিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে একইসঙ্গে দেখা গিয়েছে। তিন এই শক্তিধর দেশ মিলে নতুন অক্ষ গড়ে ওঠার সম্ভাবনায় যেন আতঙ্কিত আমেরিকা! বহু আন্তর্জাতিক বিশেষজ্ঞই তিয়ানজিনের বৈঠককে ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন। আমেরিকার শুল্কনীতির মধ্যেই এই তিন শক্তির জোট বিশ্বের সামনে এক নয়া দিগন্ত নিয়ে আসতে পারেও বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।