Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টিম ইন্ডিয়াকে টেক্কা দিতে আমরা তৈরি: ম্যাকালাম

টিম ইন্ডিয়াকে টেক্কা দিতে আমরা তৈরি: ম্যাকালাম
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। কয়েকদিন আগেই সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছেন হ্যারি ব্রুকরা। স্বাভাবিকভাবেই ইংরেজ ক্রিকেটারদের মনোবল তুঙ্গে। তবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ যে সহজ হবে না, সেটা মানছেন ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বাজবল ক্রিকেটের জনক বলেন, ‘ভালো প্রস্তুতি নিয়েই এসেছে টিম ইন্ডিয়া। অসাধারণ দল। কঠিন পরীক্ষার মুখে ফেলবে আমাদের। তবে আমরাও জোর টক্কর দেওয়ার জন্য প্রস্তুত।’

Advertisement

চোটের কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাবে না ইংল্যান্ড। সেই তালিকায় রয়েছেন মার্ক উড। চোটের জন্য প্রথম ম্যাচে স্কোয়াডে জায়গা পাননি জোফ্রা আর্চারও। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় এখনও ভুগছেন গাস আটকিনসন। তা সত্ত্বেও ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে পেসাররা দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরবে বলে আশাবাদী ম্যাকালাম। তিনি বলেছেন, ‘আমরা বেশ কিছু ক্রিকেটারকে চোটের কারণে পাচ্ছি না ঠিকই, তবে যারা আছে তারাও যথেষ্ট দক্ষ। ক্রিস ওকস, স্যাম কুক, ব্রাইডন কার্স, জেমি ওভারটন, জস টংরা ভারতীয় ব্যাটারদের চ্যালেঞ্জের মুখে ফেলবে। শোয়েব বশির ধারাবাহিকভাবে উন্নতি করছে। আমাদের বোলিং বিভাগ ভারতীয় ব্যাটারদের মোকাবিলার জন্য তৈরি।’
রোহিত, কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলে তারুণ্যের জয়গান শোনা যাচ্ছে। সাই সুদর্শন, যশস্বী জয়সওয়ালদের উপরই ভরসা রাখতে পারেন কোচ গম্ভীর। তেমনই ২১ বছরের জ্যাকব বেথেলকেও দলে রেখেছে ইংল্যান্ড। তাঁকে প্রশংসায় ভরিয়ে কোচ ম্যাকালাম বলেন, ‘বেথেলের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। আইপিএলে খেলে ও দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করেছে। ওর উচিত এই সুযোগ কাজে লাগানো। জেমি স্মিথ, বেন ডাকেটও দারুণ প্রতিভাবান। আমি ছেলেদের স্পষ্ট বলে দিয়েছি, ভয়ডরহীন ক্রিকেট খেলতে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ