কলকাতা: আজ, শনিবার প্রকাশিত হল হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফল। এবার মেধা তালিকায় প্রথম দশটি স্থানে ১৫ জন। রাজ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে অষ্টম স্থান পর্যন্ত একচেটিয়া স্থান দখল মালদহের। মেধা তালিকার প্রথম পাঁচটি স্থানই শুধু ছাত্রীদেরই দখলে। ষষ্ঠ স্থান সহ মেধা তালিকায় মাত্র তিনজন ছাত্র। বাকি সব আসনই মেয়েদের দখলে।
রাজ্যে যুগ্ম প্রথম মালদহের ভগবানপুর হাই মাদ্রাসার ফাহমিদা ইয়াসমিন এবং বটতলা আদর্শ হাই মাদ্রাসার সাহিদা পারভিন। ৮০০-র মধ্যে প্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় স্থানে ইসলাম সাগর হাই মাদ্রাসার সামশুন নেহার (৭৭৬/৮০০)। তৃতীয় স্থানে মহম্মদিয়া হাই মাদ্রাসার আলিফনুর খাতুন (৭৭২)।
হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে।’ তিনি আরও লিখেছেন, ‘তোমাদের জীবনের এই বিশেষ দিনটিতে আমি তোমাদের বাবা-মা, তোমাদের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক – সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের সহায়তাই তোমাদের সাফল্যের চাবিকাঠি।’