নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জলপথে মহানগরীর সঙ্গে আশপাশের একাধিক জেলাকে জুড়তে বিশেষ প্রকল্প নিয়েছিল রাজ্য। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ২০১৭ সালে সেই চুক্তি হয়েছিল। কিন্তু অভিযোগ, এতদিনেও কাজের আশানুরূপ অগ্রগতি হয়নি। ২০২৬ সালের মার্চের মধ্যে এই জলপথ পরিবহণের পরিকাঠামো তৈরির কাজের সময়সীমা শেষ হবে। সামনেই বিধানসভা ভোট। তার আগে সোমবার প্রায় হাজার কোটি টাকার এই প্রকল্প নিয়ে সেচ, পরিবহণ, অর্থ, পুর ও নগরোন্নয়ন সহ একগুচ্ছ সরকারি দপ্তর বৈঠকে বসে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, অবশিষ্ট কাজ শেষের লক্ষ্যে রাজ্যের তরফে মেয়াদ বৃদ্ধির আবেদন করা হবে বিশ্ব ব্যাংকের কাছে। এই প্রকল্পের অধীনে হাওড়া, নাজিরগঞ্জ, চুঁচুড়া সহ পাঁচটি জায়গায় টার্মিনাল জেটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রায় ২৫০ কোটি টাকার এই কাজের বরাত ইতিমধ্যে একটি সংস্থাকে দেওয়া হয়েছিল। সেই টেন্ডার প্রক্রিয়া নিয়ে এদিনের বৈঠকে তীব্র আপত্তি ওঠে। জানা গিয়েছে, ওই টেন্ডারে একটি মাত্র সংস্থাই অংশ নিয়েছিল। একগুচ্ছ সংস্থাকে টেন্ডারে অংশগ্রহণের সুযোগ করে দিতে পুনরায় দরপত্র আহ্বান করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, এই কাজের শুরু থেকেই দায়িত্বপ্রাপ্ত এক অফিসারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।



