Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্যা মোকাবিলায় ২ জুন নামবে ওয়াটার উইং টিম, জেলায় যাচ্ছে স্পিডবোট

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাঁচ মাসেই রেকর্ড বৃষ্টি! উত্তরবঙ্গের ন’টি জায়গায় বৃষ্টির পরিমাণ সাড়ে ৫ হাজার মিলিমিটারের বেশি! তাই বর্ষার মরশুম শুরু হতেই বন্যা মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার। তারা উত্তরবঙ্গের প্রতিটি জেলার জন্য স্পিডবোট ও ওয়াটার উইং বাহিনী নামানোর নির্দেশ জারি করেছে। বুধবার প্রতিটি জেলা প্রশাসনের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। একইসঙ্গে এদিন পর্যালোচনা বৈঠক করে ধস ও বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রতিটি দপ্তরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল। এবার জলপাইগুড়ি জেলার বৃষ্টি বেড়েছে। সেচদপ্তর সূত্রে খবর, গতবছর জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে জলপাইগুড়ি জেলায় বৃষ্টির পরিমাণ ছিল ১২২.৪০ মিলিমিটার। এবার পাঁচ মাসে সংশ্লিষ্ট জেলায় বৃষ্টির পরিমাণ ৫৫০.৬০ মিমি। অর্থাৎ জেলায় অতিরিক্ত বৃষ্টির পরিমাণ ৪২৮.২ মিলি। বাকি জেলাগুলির অবস্থাও একই। পাঁচ মাসে কোচবিহারে ৬৮৯.৯০, আলিপুরদুয়ারে ৭০৪.২০, শিলিগুড়িতে ৫৩০.২০, মালবাজারে ৬৮৯.২০, হাসিমারায় ৮০২.৬০, বানারহাটে ৪২২, মাথাভাঙায় ৬৭১.৩০, তুফানগঞ্জে ৭৩৩.৮০ ও ময়নাগুড়িতে ৫৫১.৮০ মিমি বৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ন’টি জায়গা মিলিয়ে বৃষ্টির পরিমাণ প্রায় ৫৬৫৭.৪ মিমি। সেচদপ্তরের উত্তর-পূর্বাঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক বলেন, গত বছরের তুলনায় এবার উত্তরবঙ্গে পাঁচ মাসে বৃষ্টি কিছুটা বেশি হয়েছে। অন্যান্য বছরের তুলনায় নদীগুলিতেও জলস্তরের উচ্চতা কিছুটা বেশি রয়েছে। সমগ্র পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। নির্মীয়মাণ বাঁধ, নদীর পাড় মেরামতির কাজে আরও জোর দেওয়া হচ্ছে। এমন আবহে এবার নির্দিষ্ট সময়ের ১২ দিন আগে আজ, বৃহস্পতিবার মৌসুমি বায়ু প্রবেশ করবে উত্তরবঙ্গে। এমনই পূর্বাভাস দিয়েছে সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এই অবস্থায় বন্যা, নদীভাঙন ও পাহাড়ে ধসের আশঙ্কা করছে বিভিন্ন মহল। পরিস্থিতির মোকাবিলায় ময়দানে ঝাঁপিয়েছে রাজ্য সরকার। তাদের নির্দেশে এবার জেলায় জেলায় মোতায়েন করা হবে সিভিল ডিফেন্সের ওয়াটার উইং টিম। প্রশাসন সূত্রে খবর, আগামী ২ জুন ওই টিমের সদস্যদের জেলাগুলিতে যেতে বলা হয়েছে। টিমগুলি ৩১ অক্টোবর পর্যন্ত মোতায়েন থাকবে। টিমের কাছে স্পিডবোট ও লাইফ জ্যাকেট থাকবে। আলিপুরদুয়ার জেলায় থাকবে ছ’জনের টিম। তাদের কাছে থাকবে তিনটি বোট। মালদহে চারটি বোট সহ আটজনের টিম এবং উত্তর দিনাজপুর জেলায় দু’টি বোট সহ চারজনের টিম থাকবে। পরবর্তীতে সংশ্লিষ্ট জেলাগুলি থেকে টিমের সদস্যদের অন্যত্র পাঠানো হবে। টিমের সদস্যরা বন্যা পরিস্থিতিতে উদ্ধার কাজ ও দুর্গতদের মধ্যে ত্রাণ সরবরাহ করবেন। এছাড়া, এবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় তিনটি করে, শিলিগুড়ি ও কালিম্পং জেলায় একটি করে, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে দু’টি করে বোট বরাদ্দ করেছে রাজ্য সরকার।

বন্যা মোকাবিলায় ২ জুন নামবে ওয়াটার উইং টিম, জেলায় যাচ্ছে স্পিডবোট
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ