ঢুকেছে জলীয় বাষ্প, অল্প বাড়বে তাপমাত্রা, ডিসেম্বরের শুরুতে নামতে পারে পারদ
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বেড়ে যাওয়ার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শীতের মাত্রা খানিকটা কমেছে। সব জায়গায় কিছুটা বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তাপমাত্রা কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ফের আসতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শনিবার তা আরও কমে ১৫-১৬ ডিগ্রি হতে পারে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২  ডিগ্রি, যা এই সময়ের স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ২.৭ ডিগ্রি কম। শনিবার পর্যন্ত গত কয়েকদিন ধরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশে চলে আসায় হালকা শীতের আমেজ শহরে এসেছিল। কিন্তু রবিবার তা ছিল না। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, বাতাসে বেশি জলীয় বাষ্প প্রবেশ করার ফলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। তাই সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত শনিবারও ছিল। রবিবার একটি নিম্নচাপ অক্ষরেখা ছিল দক্ষিণবঙ্গের কাছাকাছি। এই কারণে দক্ষিণবঙ্গের বাতাসে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করেছে। রবিবার দক্ষিণবঙ্গে সবথেকে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিউড়িতে (১৫.২ ডিগ্রি)। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ১৫-১৬ ডিগ্রির আশপাশে ছিল। উত্তরবঙ্গে তুলনামূলকভাবে শীত কিছুটা বেশি। সমতল এলাকার মধ্যে কোচবিহারে সবথেকে কম তাপমাত্রা (১১.২ ডিগ্রি) রেকর্ড হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হওয়ার ইঙ্গিত মিলেছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মালয়েশিয়ার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আজ সোমবার এটি মালাক্কা প্রণালী ও লাগোয়া দক্ষিণ আন্দামান সাগরে উপর চলে আসবে। এই ঘূর্ণাবর্তটি আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপটির পরবর্তী গতিপ্রকৃতি কোন দিকে হবে, সেই ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর রবিবার পর্যন্ত কিছু জানায়নি। তবে আবহাওয়াবিদরা ও কয়েকটি পূর্বাভাস মডেল মনে করছে, এটি শক্তি বাড়িয়ে তামিলনাড়ু-শ্রীলঙ্কার দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। নিম্নচাপটি শেষপর্যন্ত ঘূর্ণিঝড় ‘কানি’ (মালদ্বীপের দেওয়া নাম) হয় কি না সেদিকেও নজর রাখছেন আবহাওয়াবিদরা।

Advertisement