Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঢুকছে জলীয় বাষ্প, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কাল-পরশু

দার্জিলিংয়ের পার্বত্য এলাকা ছাড়া গোটা শীতকালে রাজ্যে বৃষ্টি হয়নি। তবে শীত বিদায়ের পর বসন্ত আসতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতা সহ কয়েকটি জেলায়।

ঢুকছে জলীয় বাষ্প, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কাল-পরশু
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দার্জিলিংয়ের পার্বত্য এলাকা ছাড়া গোটা শীতকালে রাজ্যে বৃষ্টি হয়নি। তবে শীত বিদায়ের পর বসন্ত আসতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতা সহ কয়েকটি জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। এই দু’দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এই জেলাগুলির পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢোকার জন্য বৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে বায়ুপ্রবাহের গতিপ্রকৃতির কিছুটা পরিবর্তন হয়েছে। তাই এখন জলীয় বাষ্প ঢুকবে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জন্যই মূলত বায়ুপ্রবাহের গতিপ্রকৃতির এই পরিবর্তন। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ লাগোয়া ওড়িশা, ঝাড়খণ্ডে ভূপৃষ্ঠ বেশ উত্তপ্ত হতে শুরু করেছে। জলীয় বাষ্প প্রবেশের পাশাপাশি এই পরিস্থিতি বৃষ্টির মেঘ সৃষ্টির অনুকূল। তবে আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, এখনই রাজ্যে কালবৈশাখীর জোরালো ঝড়-বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হবে বলে মনে হচ্ছে না। ওড়িশার দিকে বজ্রগর্ভ মেঘ থেকে বেশি মাত্রায় ঝড়বৃষ্টি হতে পারে।
এদিকে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। কলকাতা সহ জেলাগুলির অনেক জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে ৩০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্ৰি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা  (১৯.৫ ডিগ্রি) স্বাভাবিকই ছিল। তবে কলকাতায় কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২১-২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে আসবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গের  জেলাগুলিতে কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসে আসবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। এখনও পশ্চিমাঞ্চলের কোনো কোনো জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির আশপাশে রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গে সব থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পুরুলিয়ায় (১৫ ডিগ্ৰি)। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি, যা সবথেকে কম। তাপমাত্রা বাড়ছে  শৈলশহর দার্জিলিংয়ে। 
সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬.৬ ডিগ্ৰি।

Advertisement
সম্পর্কিত সংবাদ