নিজস্ব প্রতিনিধি, বরানগর: গরম পড়তেই গঙ্গায় জলস্তর কমেছে। ফলে জলপ্রকল্প থেকে এমনিতেই কম জল পাচ্ছে দমদমের তিনটি পুরসভা। তার উপর বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে জলপ্রকল্পের মূল পাইপলাইনে ফাটল ধরায় জোগান অর্ধেকেরও নীচে নেমে গিয়েছে।

ফলে দমদম, উত্তর দমদম এবং দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ভয়াবহ জল সংকট দেখা দিয়েছে। পাইপের ফাটা অংশ মেরামতের জন্য কেএমডিএ রবিবার বেলা ১টা থেকে সোমবার ভোর ৪টে পর্যন্ত গোটা জলপ্রকল্প বন্ধ রাখার কথা জানিয়েছে। ফলে উত্তর শহরতলির এই বিস্তীর্ণ অংশে সাধারণ মানুষের দুর্ভোগ যে চরমে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই তিনটি পুরসভা এলাকায় জল বন্ধের কথা জানিয়ে মাইকিং করা হয়েছে।
জানা গিয়েছে, দিন আটেক আগে এই জলপ্রকল্পের মূল পাইপলাইনে ফাটল ধরে। কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, কামারহাটি ট্রিটমেন্ট প্লান্ট থেকে মূল পাইপলাইন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে তিনটি পুরসভা এলাকায় গিয়েছে। মাঠকলের কাছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলছে। সেই সময় কোনোভাবে পাইপলাইনে ফাটল ধরে। সাময়িক জল বন্ধ রেখে গত শনি ও রবিবার মেরামতির কাজ হলেও লিকেজ পুরোপুরি সারানো যায়নি। তাই কেএমডিএ তিন পুরসভাকে চিঠি দিয়ে জানিয়েছে, রবিবার বেলা ১টা থেকে সোমবার ভোর ৪টে পর্যন্ত গোটা জলপ্রকল্প বন্ধ রেখে মেরামতির
কাজ চলবে।