Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাইপ মেরামতির জন্য ভরদুপুরে হঠাৎ জল বন্ধ হাওড়ায়, ভোগান্তি বাসিন্দাদের

গরমে ওষ্ঠাগত প্রাণ। ঘরে ঘরে জলের চাহিদা বেড়েছে কয়েকগুণ

পাইপ মেরামতির জন্য ভরদুপুরে হঠাৎ জল বন্ধ হাওড়ায়, ভোগান্তি বাসিন্দাদের
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গরমে ওষ্ঠাগত প্রাণ। ঘরে ঘরে জলের চাহিদা বেড়েছে কয়েকগুণ। এরমধ্যে শহরজুড়ে ভরদুপুরে জল বন্ধের নোটিস। শনিবার জরুরি ভিত্তিতে পাইপলাইনের মেরামতির জন্য দুপুরে দু’ঘণ্টা জল সরবরাহ বন্ধ রাখে হাওড়া পুরসভা। জল বন্ধ করার মাত্র ঘণ্টা কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তিটি জারি করে পুরসভা কর্তৃপক্ষ। জল বন্ধ থাকার খবর আগাম জানতে না পেরে তীব্র গরমে ভোগান্তির শিকার হন শহরবাসীর একাংশ।

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কোনা এক্সপ্রেসওয়ের বেলেপোল মোড়ে ভূগর্ভস্থ জলের পাইপলাইনে আচমকা ফাটল দেখা দেয়। বিষয়টি নজরে আসতেই তৎপর হয় হাওড়া পুরসভা। যান চলাচল নিয়ন্ত্রিত রেখে যুদ্ধকালীন তৎপরতায় পাইপলাইনের ফাটল মেরামতির কাজ শুরু হয়। সেকারণে দুপুর ১টা থেকে আড়াইটে পর্যন্ত শহরের পঞ্চাশটি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রাখতে হয় পুরসভাকে। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘পাইপলাইনে যে ফাটল দেখা গিয়েছিল, তখনই তা সারানো না হলে পরে বড়সড় বিপর্যয় হতে পারত। একবেলা জল বন্ধ রাখা হয়েছে ঠিকই, কিন্তু দ্রুততার সঙ্গে পাইপলাইন মেরামত করা গিয়েছে।’ দুপুরে দেড় ঘণ্টা জল বন্ধ রাখার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে জানায় হাওড়া পুরসভা। কিন্তু ফেসবুক ব্যবহার করেন না, এমন বহু বাসিন্দাই সেই খবর জানতে না পারায় তীর্থের কাকের মতো জলের জন্য হাপিত্যেশ করতে থাকেন।
শহরের বাসিন্দা সব্যসাচী চট্টোপাধ্যায়, শতাব্দী ঘোষাল, অম্লান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রায়ই এমনটা হচ্ছে। আগে থেকে নোটিস দিলে ভালো হতো। অনেকেই জল তুলে রাখতে পারেননি। এই গরমে ভীষণ সমস্যা হয়েছে।’ এদিকে, সন্ধ্যায় জল সরবরাহ স্বাভাবিক হওয়ার পরেও ১৮ ও ৪৮ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় জল আসেনি বলে অভিযোগ। ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পার্থসারথি বন্দ্যোপাধ্যায়, মৌমিতা দত্ত, অলি বিশ্বাস বলেন, ‘সন্ধ্যার পরেও জল আসেনি। এই গরমে দু’বেলা জল বন্ধ রয়েছে। আর কত ভোগান্তি সহ্য করব?’ প্রসঙ্গত, গত পয়লা মে থেকে শহরে জল সরবরাহের সময়সূচি পরিবর্তন করেছে হাওড়া পুরসভা। এতে সুরাহার বদলে জল ঠিকঠাক মিলছে না অভিযোগ প্রিয়াঞ্জলি দাশগুপ্ত, দেবশঙ্কর হাইতের মতো অনেকেরই।

Advertisement
সম্পর্কিত সংবাদ