সংবাদদাতা, তপন: পানীয় জলের দাবিতে ৩ ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তপন ব্লকের বালাপুর অফিস পাড়ার বাসিন্দারা।
সংবাদদাতা, তপন: পানীয় জলের দাবিতে ৩ ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তপন ব্লকের বালাপুর অফিস পাড়ার বাসিন্দারা।
অভিযোগ, স্থানীয়রা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় জর্জরিত হলেও সমাধানের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। পরিস্থিতি চরমে পৌঁছনোয় সোমবার ক্ষুব্ধ গ্রামবাসী রাস্তায় নেমে প্রতিবাদ জানান। তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। বাসিন্দাদের অভিযোগ, পাড়ার দুটি নলকূপই বিকল। পিএইচইর জল সরবরাহও বন্ধ। ফলে গ্রামের মানুষ পানীয় জল পাচ্ছেন না। প্রধানকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিন পানীয় জলের দাবিতে পুরুষ-মহিলা নির্বিশেষে বালতি, গামলা হাতে নিয়ে অবরোধে শামিল হন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান তপন থানার পুলিস এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। পুলিস ও প্রশাসনের তরফে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। পঞ্চায়েত প্রধান রুপালি মণ্ডল বলেন, ভোল্টেজ কম থাকায় সকালে পিএইচই থেকে পানীয় জল সরবরাহ বন্ধ ছিল। পরে কথা বলে বিদ্যুতের সমস্যা মিটলে পানীয় জল সরবরাহ চালু করা হয়। ওই গ্রামে একটি সাব মার্সিবলের টেন্ডার হয়েছে। ১৫ দিনের মধ্যেই কাজ শুরু হবে। স্থানীয় বাসিন্দা বিশাখা বিশ্বাস, পার্বতী বর্মন, শেফালী বর্মনরা বলেন, একবছর ধরে প্রধানকে জলের সমস্যার কথা জানিয়ে আসছি। কোনও সমাধান হয়নি। আজ সকাল থেকে ট্যাপের জলও মিলছে না। আমাদের অনেকের বাড়িতে আজ রান্না হয়নি জলের অভাবে। নিজস্ব চিত্র