Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তার ক্ষতির আশঙ্কায় জলের পাইপ বসাতে বাধা, সুহুদিঘিতে পরিস্রুত পানীয় জল অধরা, দুর্ভোগ

রাস্তার ক্ষতির আশঙ্কায় জলের পাইপ বসাতে বাধা, সুহুদিঘিতে পরিস্রুত পানীয় জল অধরা, দুর্ভোগ
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে তৈরি রাস্তার পাশ দিয়ে গর্ত খোঁড়া যাবে না। এমনই নিষেধাজ্ঞার জেরে গ্রামে পরিস্রুত পানীয় জল পৌঁছতে গিয়ে হোঁচট খাচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। সমস্যা সমাধানে একাধিক চিঠি পাঠানো হয়েছে বলে দাবি জনস্বাস্থ্য কারিগরি দপ্তররে। অভিযোগ, কাজের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হলেও রাস্তার পাশে খোঁড়াখুঁড়িতে বাধা আসছে। যদিও সংশ্লিষ্ট বাস্তুকারদের দাবি, সবেমাত্র রাস্তার কাজ শেষ হয়েছে। এখনও অবধি কাজের গুণগত মান যাচাই হয়নি। এখনই রাস্তার পাশ দিয়ে পাইপলাইন বসানো হলে রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই টানাপোড়েনে পরিস্রুত পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত মুরারই-২ ব্লকের সুহুদিঘি গ্রামের বাসিন্দারা। কবে সহুদিঘি গ্রামে পৌঁছবে পরিস্রুত পানীয় জল তা এখন লাখ টাকার প্রশ্ন। 

Advertisement

যোগাই পাইপ ওয়াটার সাপ্লাই স্কিমে বছর দেড়েক আগে মুরারই-২ ব্লকের পৃথক চারটি মৌজায় বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছিল। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে শুরুতেই জলের ট্যাঙ্ক ও পাম্প হাউজ তৈরি করা হয়েছে। সেইসঙ্গে পাইললাইন বসিয়ে একাধিক গ্রামে বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। তবে সহুদিঘিতে পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ শুরু হতেই থমকে গিয়েছে। দপ্তরের আধিকারিকদের কথায়, মূল পাইপলাইন থেকে গ্রামের ভেতরে জল নিয়ে যাওয়ার জন্য রাস্তা বরাবর প্রায় ২০০ মিটার নতুন করে পাইপ বসাতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীন তৈরি রাস্তার পাশে সেই কাজ করতে দেওয়া হচ্ছে না। রাস্তার পাশে খোঁড়াখুড়ির কাজ হলে মূল রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই আশঙ্কাতেই কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের দাবি, পাইপলাইন বসানো হবে রাস্তার পাশে। সেই কাজে রাস্তার সঙ্গে কোনও সম্পর্ক নেই। তবে, বারংবার বাধা আসায় প্রায় ২০০ মিটার পাইপ বসানোর কাজ এখনও শেষ করা সম্ভব হয়নি। 
জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নলহাটি সাবডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার শুভময় পাঁজা বলেন, সমস্যা সমাধানের আমাদের তরফে একাধিক চিঠি করা হয়েছিল। কিন্তু আজও কোনও সদুত্তর মেলেনি। ফলে সুহুদিঘিতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কর্তৃপক্ষের এক আধিকারিক জানিয়েছেন, রাস্তা নির্মাণের কাজ শেষ হলেও স্টেট কোয়ালিটি মনিটরিং টিমের তরফে পরিদর্শন এখনও বাকি রয়েছে। সেই পরিদর্শন শেষ হলেই রাস্তার পাশ দিয়ে পাইপলাইন বসানোর কাজ করা যেতে পারে। আমাদের তরফে কোনও বাধা নেই। তবে পাইপ বসানোর জেরে রাস্তার কোনও ক্ষতি যাতে না হয় সেদিকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ