Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় জলপথে চলবে ওয়াটার মেট্রো, উৎসাহ যাত্রীদের

সোমবার থেকে হলদিয়ায় জলপথে যাত্রী পরিবহণে আধুনিক ইলেকট্রিক ক্যাটাম্যারান সার্ভিস শুরু হল। নয়া জলযান হলদিয়ায় ‘ওয়াটার মেট্রো’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। আপাতত হলদিয়ার টাউনশিপ ফেরিঘাট থেকে নন্দীগ্রামের কেন্দেমারি ফেরিঘাটের মধ্যে ওয়াটার মেট্রো চলাচল করবে।

হলদিয়ায় জলপথে চলবে ওয়াটার মেট্রো,  উৎসাহ যাত্রীদের
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: সোমবার থেকে হলদিয়ায় জলপথে যাত্রী পরিবহণে আধুনিক ইলেকট্রিক ক্যাটাম্যারান সার্ভিস শুরু হল। নয়া জলযান হলদিয়ায় ‘ওয়াটার মেট্রো’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। আপাতত হলদিয়ার টাউনশিপ ফেরিঘাট থেকে নন্দীগ্রামের কেন্দেমারি ফেরিঘাটের মধ্যে ওয়াটার মেট্রো চলাচল করবে। প্রতিদিন ভোর ৪টে ২০মিনিট থেকে রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত মিলবে ওয়াটার মেট্রো সার্ভিস। ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ বা আইডব্লুএআই-এর দায়িত্বে রয়েছে ওই ক্যাটাম্যারান। ওই জলযান একটি অত্যাধুনিক হাইব্রিড ইলেকট্রিক ভেসেল যা ক্যাটাম্যারান হিসেবেও পরিচিত। হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড এটি তৈরি করেছে। জানা গিয়েছে, এধরনের এক একটি শীততাপনিয়ন্ত্রিত ক্যাটাম্যারান তৈরিতে ৭ থেকে ৯ কোটি টাকা খরচ হয়। ৫০ আসন বিশিষ্ট ওই ওয়াটার মেট্রো প্রতিদিন ভোর ৪টে ২০মিনিটে হলদিয়া টাউনশিপ ফেরিঘাট থেকে ছাড়বে। দু’মিনিটের মধ্যে ওই জলযানে চেপে নন্দীগ্রামে বা হলদিয়ায় পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। প্রতি ১৫ মিনিট অন্তর এটি হলদি নদীর দু’টি ঘাটের মধ্যে যাতায়াত করতে পারবে। নতুন জলযান চালু হওয়ায় হলদিয়া নন্দীগ্রামের মধ্যে যাতায়াত আরও নিরাপদ ও দ্রুত হল। নতুন ওয়াটার মেট্রোর যাত্রী ভাড়া ১০টাকা। সাইকেল থাকলে আরও ৫টাকা দিতে হবে। তবে এখন মেট্রোতে মোটরবাইক নিয়ে যাওয়া যাবে না। ওয়াটার মেট্রোতে টিভি ও ওয়াইফাইয়ের ব্যবস্থাও থাকছে। ওই রুটে প্রতিদিন কয়েক হাজার যাত্রী চলাচল করেন। ওয়াটার মেট্রোর পাশাপাশি পুরনো ভেসেলও চালু থাকবে বলেই জানা গিয়েছে। তাতে বাইক আরোহীরা যাতায়াত করতে পারবেন। দু’ধরনের ভেসেলের জন্য আলাদা টিকিট কাউন্টার থাকছে। হলদিয়া পুরসভার বর্তমান ফেরি পরিষেবার ভাড়া যেখানে ৫ টাকা, সেখানে নতুন ইলেকট্রিক ভেসেলে ভাড়া ১০ টাকা। তবে যাত্রীরা সুবিধেমতো ভেসেল বেছে নিয়ে যাতায়াত শুরু করেছেন। আইডব্লুএআই নতুন ওয়াটার মেট্রো সার্ভিস একটি সংস্থাকে দায়িত্ব নিচ্ছে। আইডব্লুএআই এবং পুরসভার ফেরি পরিষেবা একইসঙ্গে চালু থাকবে। ফলে একটি পরিষেবা মিস করলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না। শিল্পাঞ্চলে যাতায়াতকারী যাত্রীদের মধ্যেও এই নতুন পরিষেবা নিয়ে উৎসাহ দেখা দিয়েছে। জানা গিয়েছে, যাত্রীদের সুবিধা দিতে আরও দু’টি ইলেকট্রিক ক্যাটাম্যারান ভেসেল আসবে। তার মধ্যে একটিতে বাইক পারাপার করতে পারবে। নতুন ইলেকট্রিক ভেসেলে ব্যাটারি চার্জ করার জন্য টাউনশিপ ফেরিঘাটে ট্রান্সফরমার ও চার্জিং স্টেশন তৈরি হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ