নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার প্রক্রিয়া শুরু হতেই বিপত্তি ঘটে। বৃহস্পতিবার রাতে আচমকাই তিলপাড়া ব্যারেজের অফিস চত্বরের গাইড বাঁধ সংলগ্ন এলাকার একাংশের মাটি ধসে যায়। বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রাতেই সেচদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তড়িঘড়ি তিলপাড়া ব্যারেজের বেশকিছু লকগেট বন্ধ করে দেওয়া হয়। যদিও ব্যারেজ থেকে জল ছাড়ার প্রক্রিয়া জারি ছিল। পরবর্তীতে শুক্রবার সাতসকালে ফের সেচদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেইসঙ্গে সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় ধসে যাওয়া অংশে মাটি ফেলে সংস্কারের কাজ শুরু করা হয়।
এদিকে, ব্যারেজ থেকে একটানা জল ছাড়ার জেরে সংস্কারের কাজও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জেরে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যারেজ সংস্কারের কাজ শেষ করা সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেচদপ্তরের এক আধিকারিক বলেন, নিয়ম মেনেই ব্যারেজ সংস্কারের কাজ চলছিল। সেই কাজ চলাকালীনই জল ছাড়া হয়েছে। তার জেরেই অফিস চত্বর এলাকায় গাইড বাঁধ লাগোয়া কিছু অংশের মাটি ধসে গিয়েছে। পুনরায় সেখানে মাটি ফেলে সংস্কারের কাজ করা হচ্ছে। তাঁর আরও সংযোজন, লক গেট খুলে জল ছাড়ার ফলে ব্যারেজ সংস্কারের কাজ কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলত, নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কারের কাজ শেষ করা সম্ভব হবে কি না তা এখনও নিশ্চিত নয়।
বর্ষা শুরুর আগেই তিলপাড়া ব্যারেজ সংস্কারের কাজ শুরু হয়। বর্তমান সময়ে ডাউন স্ট্রিমে বোল্ডার সসেজ ক্রেট সংস্কারের কাজ চলছিল। সংস্কারের কাজের জেরে ব্যারেজ লাগোয়া এলাকা থেকে পুরনো বোল্ডার ও ব্লক সরানো হয়। সেইসঙ্গে কিছু মাটিও সরে যায়। এই পরিস্থিতিতে টানা বৃষ্টির জেরে ময়ূরাক্ষী নদীর জলস্তর বৃদ্ধি পেতে থাকায় ওইদিন সকাল থেকেই ব্যারেজের লক গেট খুলে জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়। তার জেরেই সংলগ্ন এলাকায় থাকা ব্যারেজের অফিস চত্বরের একাংশের মাটি ধসে যায়। তড়িঘড়ি ধস মোকাবিলায় সংস্কারের কাজ শুরু করা হয়েছে। ব্যারেজ থেকে প্রয়োজন অনুসারে জল ছাড়ার প্রক্রিয়াও জারি রয়েছে। সেচদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর পর্যন্ত হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে।
বর্ষার মরশুম শুরুর আগেই তিলপাড়া ব্যারেজ সংস্কারের কাজ শুরু হয়। জুলাই মাসের মধ্যেই কাজ শেষ করার কথা রয়েছে। যদিও একনাগাড়ে দিনকয়েকের বৃষ্টির জেরে সংস্কারের কাজের গতি কিছুটা হলেও শ্লথ হয়েছে। যদিও কাজ অনেকটাই এগিয়েছে। বর্তমানে সেখানে বোল্ডার সসেজ ক্রেট তৈরির কাজ চলছিল। মূলত ব্যারেজ লাগোয়া এলাকার বালি যাতে জলের সঙ্গে ভেসে না যায় সেক্ষেত্রে বোল্ডার সসেজ ক্রেট নতুন করে তৈরি করা হচ্ছিল। যদিও নির্মাণ কাজ চলাকালীন ব্যারেজ থেকে জল ছাড়ায় তা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হতেই পুনরায় সংস্কারের কাজ শুরু করা হবে। যদিও এই ঘটনায় কাজের গতি কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হল। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। মনে করা হচ্ছে, প্রয়োজন অনুসারে কাজের সময়সীমা বাড়ানো হবে।