নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিশালাকার জলাশয়। তাতে জলও রয়েছে। কিন্তু সেই জল দেখা যায় না! শুনতে অবাক হলেও এমনটাই সত্যি। পি সি সরকারের কোনো ম্যাজিক নয়। স্মার্টসিটি নিউটাউনের বি ডি ব্লকে এটাই ঘোর বাস্তব! সংস্কার না হওয়ায় সবুজ আগাছায় ভরে গিয়েছে বিশাল জলাশয়। চারপাশের পাড় ক্রমশ সংকুচিত হচ্ছে। ফলে জলাশয়ের আকারও কমে আসছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগের সরকারের আমল থেকেই এই অবস্থা। পালাবদলের পর অনেকে ভেবেছিলেন, এই জলাশয় পরিস্কার করে পাড় বাঁধাবে নতুন সরকার। কিন্তু জলশায়ের দশা যে তিমিরে ছিল, সেই তিমিরেই থেকে গিয়েছে। কবে হাল বদলাবে, কেউ জানে না। স্মার্টসিটির পরিবেশ নিয়ে কেন এত ঔদাসীন্য, প্রশ্ন তুলছেন অনেকে।
নিউটাউন অ্যাকশন এরিয়া-১ এর প্রাইম লোকেশনে রয়েছে বি ডি ব্লক। বি ডি মার্কেটের পিছনের দিকেই রয়েছে জলাশয়টি। একেবারে নিউটাউন গেট এবং কনভেনশন সেন্টারের কাছে। ঢিল ছোড়া দূরত্বে রয়েছে হিডকো এবং নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (এনকেডিএ) অফিস। এনকেডিএ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে এই জলাশয়ের সংস্কারে হাত পড়েছিল। বাঁশ দিয়ে চারপাশ বাঁধানো হয়েছিল অস্থায়ীভাবে। কিন্তু ওইটুকুই! আর কাজ এগয়নি। বাসিন্দাদের অভিযোগ, বর্ষার সময় শোচনীয় অবস্থা হয়। বিষধর সাপ ঘুরে বেড়ায়। চারপাশে অসংখ্য আবাসন। সেখানে কয়েকশো পরিবারের বসবাস। সংস্কার হলে সকলেই উপকৃত হবে।
এক বাসিন্দার কথায়, ‘ইকো পার্কের মতো এখানেও জলাশয়ের চারপাশে মর্নিং ওয়ার্ক, ইভিনিং ওয়াকের ব্যবস্থা করা যেতে পারে। জলাশয় সংস্কার করে চারপাশের পাড় বাঁধাতে হবে। তারপর চারদিকে ক্রকিটের রাস্তা এবং স্ট্রিট লাইট, বসার জায়গা করে দিলে এলাকার চেহারা পালটে যাবে। নিউটাউনের সংখ্যাগরিষ্ঠ মানুষ তো এই ধরনের পরিষেবাই চান। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উলটো ছবি।’ ওই জলাশয়ের একপাশে রয়েছে ৮ নম্বর গ্রিন ভার্জ। সেখানেও ঢোকার মুখে জঞ্জাল ফেলা হয়েছে। ভিতরে কংক্রিট ব্লকের রাস্তাও ঢেকে গিয়েছে আগাছায়। কোমরসমান বড়ো বড়ো ঘাস। দিনের বেলায়ও ওই জায়গা যেন নির্জন! জলাশয় সংস্কারের বিষয়ে এনকেডিএ কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি তারা। প্রশাসন সূত্রে খবর, বিষয়টি নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সময়ে পদক্ষেপ করা হবে।



