Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পাইপ থেকে অবৈধভাবে তোলা হচ্ছে জল, শীঘ্রই হবে অভিযান

পাইপ লাইন থেকে মোটর চালিয়ে অবৈধভাবে বাড়িতে জল নেওয়ার অভিযোগ উঠছে বার বার। পাশাপাশি অবৈধ উপায়ে সংযোগ নিয়েও জল ব্যবহার করছেন বহু নাগরিক।

পাইপ থেকে অবৈধভাবে তোলা হচ্ছে জল, শীঘ্রই হবে অভিযান
  • ১৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পাইপ লাইন থেকে মোটর চালিয়ে অবৈধভাবে বাড়িতে জল নেওয়ার অভিযোগ উঠছে বার বার। পাশাপাশি অবৈধ উপায়ে সংযোগ নিয়েও জল ব্যবহার করছেন বহু নাগরিক। ফল ভুগছেন অন্যেরা। যা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে উলুবেড়িয়া পুরসভা। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, যে সব নাগরিক অবৈধভাবে পানীয় জলের সংযোগ নিয়েছেন তাঁদের বিরুদ্ধেও পুর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ৩২টি ওয়ার্ডের উলুবেড়িয়া পুরসভা। দিনে তিনবার বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহ করা হয়। পুরসভার ২৪ নং ওয়ার্ডের জগদীশপুরের জল প্রকল্পে প্রতিদিন ৫৫৫ লক্ষ লিটার পানীয় জল উৎপন্ন করা হয়। পুরসভার বিভিন্ন জায়গায় থাকা ১৪টি ওভারহেড ট্যাঙ্কের মাধ্যমে ৭৪ হাজার ৩০০টি বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়। 

Advertisement

পুরসভা সূত্রে খবর, এর পাশাপাশি আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য ৬, ১০ এবং ৩১ নং ওয়ার্ডে নতুন তিনটি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করা হবে। পুরসভা এই বিপুল পরিমাণ জল উৎপন্ন করলেও বিভিন্ন ওয়ার্ডে মাঝে মধ্যেই ঠিকমতো জল না পাওয়ার অভিযোগ ওঠছে। তদন্তে নেমে দেখা গিয়েছে, একশ্রেণির নাগরিক বাড়িতে জলের রিজার্ভার না নির্মাণ করে পাইপ লাইনে পাম্প লাগিয়ে অবৈধভাবে সরাসরি জল নিচ্ছে। ফলে সব জায়গায় সমানভাবে জল পাওয়া যাচ্ছে না। এছাড়াও বেশকিছু জায়গায় অবৈধভাবে জল সংযোগের বিষয়টিও সামনে আসে। আর এরপরেই কড়া পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে চলেছে উলুবেড়িয়া পুরসভা। চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান ও জলদপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর শেখ জানান, পুর এলাকার নাগরিকদের বাড়ি বাড়ি বিনামূল্যে পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর উলুবেড়িয়া পুরসভা। শীঘ্রই পুরসভা অবৈধ সংযোগ ধরতে অভিযানে নামবে। কেউ ধরা পড়লে তাঁদের বিরুদ্ধে পুর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।      

Advertisement
সম্পর্কিত সংবাদ