সংবাদদাতা, নবদ্বীপ: অল্প বৃষ্টিতেই জল জমে যায় স্বরূপগঞ্জ পঞ্চায়েতের গাদিগাছার ষষ্ঠীতলা পাড়ার ঢালাই রাস্তায়। বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনের রাস্তা উঁচু করাতেই এই বিপত্তি বলে অভিযোগ। পাশাপাশি ওই এলাকায় নেই নিকাশি নালাও। রাস্তার কোনও দিক দিয়েই জল নামার উপায় না থাকায় ঘণ্টার পর ঘণ্টা জল দাঁড়িয়ে থাকছে। বিশেষ করে তিন রাস্তার মোড়ের বেশ কিছুটা অংশে এই জল জমে থাকে। যার জেরে সমস্যায় পড়ছেন মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতের মাজদিয়া স্কুল মাঠ, মাজদিয়া বেলডাঙা, কালীতলা, গাজনতলা, মহেশগঞ্জ গ্রামের বাসিন্দারা। স্থানীয় ভাগীরথী বিদ্যাপীঠ ও পানশিলা গার্লস স্কুলের পড়ুয়ারা ছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং পোলিও সেন্টার যাঁদের যাওয়ার দরকার, তাঁরাও অসুবিধায় পড়ছেন। বিষয়টি পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোন কাজ না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা।
স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃণমূলের সিরাজুল শেখের অভিযোগ, স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য ননীগোপাল দেবনাথ নিজের বাড়ির সামনের রাস্তা উঁচু করায় জল জমার সমস্যা দেখা দিয়েছে। গাদিগাছা ষষ্ঠীতলার ওষুধের দোকানের সামনে থেকে ষষ্ঠীতলা অঙ্গনওয়াড়ি স্কুলের সামনে পর্যন্ত বৃষ্টি হলেই রাস্তায় দীর্ঘ সময় জল জমে থাকছে।
স্থানীয় বাসিন্দারা জানালেন, আগে রাস্তায় জল জমে থাকত না। এখন স্থানীয় পঞ্চায়েত সদস্য তার বাড়ির সামনে রাস্তা উঁচু করে নিয়েছেন। সে কারণে পাশের জায়গাটি নিচু হয়ে যাওয়ায় সেখানে জল আটকে থাকছে।
এই ঢালাই রাস্তা দিয়ে প্রতিদিন এক থেকে দেড় হাজার মানুষ যাতায়াত করেন। এই রাস্তা দিয়ে মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতের বিভিন্ন এলাকার বাসিন্দারা এবং মহেশগঞ্জের বেশ কিছু গ্রামবাসী যাতায়াত করেন।
গাদিগাছা ষষ্ঠীতলার ওষুধ ব্যবসায়ী পিন্টু দেবনাথ বলেন, জমা জল থেকে পচা দুর্গন্ধ বেরচ্ছে। ডেঙ্গু ছড়ানোর ভয়ও থাকছে। গাদিগাছার বাসিন্দা ভজন দেবনাথ বলেন, স্থানীয় বিজেপির গ্রাম সদস্য তাঁর বাড়ির সামনে রাস্তা নতুন করে ঢালাই করে নেন, যার ফলে জল জমছে। গাদিগাছার বাসিন্দা রিনা দেবনাথ এবং, ষষ্ঠীতলার বাসিন্দা অসীমা আচার্য বলেন, আগে মেম্বারের বাড়ির রাস্তায় জল জমত। এখন ওইদিকে রাস্তা উঁচু করায় আমাদের রাস্তা নিচু হয়ে গিয়েছে। টোটো চালক রতন দেবনাথ বলেন, জলে ডুবে থাকা রাস্তা কোথায় গর্ত, কোথায় ভাঙা বোঝা যায় না। কিছুদিন আগে প্যাসেঞ্জার নিয়ে টোটো উল্টে যায়। কয়েকজনের আঘাতও লাগে। টোটোর খুব ক্ষতি হয়েছিল।
বিজেপির পঞ্চায়েত সদস্য ননীগোপাল দেবনাথ বলেন, যে জায়গাটা উঁচু করা হয়েছে আগে সেখানে এক হাঁটু জল জমত। প্রায় ১০ বছর ধরে এই অবস্থা চলেছে। সেই রাস্তাটাকে এতদিন পরে ঠিক করা হয়েছে। এখন দেখা যাচ্ছে ওই জলটা তিন মাথার মোড়ের রাস্তায় জমে যাচ্ছে। আমি পঞ্চায়েতকে জানিয়েছি। এই রাস্তাটা ঠিক করে দেওয়া হবে।
নবদ্বীপ স্বরূপগঞ্জ পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান কানাই দাস বলেন, মানুষের অসুবিধা হচ্ছে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। দ্রুত রাস্তাটি সংস্কারের পরিকল্পনা রয়েছে।