বৃষ্টিতে মাঠে জমে রয়েছে জল, আলু চাষ পিছিয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: আকভানের জেরে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন বীরভূম জেলার চাষিরা। ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলি অঞ্চল সহ বোলপুর শ্রীনিকেতন, নানুর, লাভপুর ব্লকের বিভিন্ন এলাকায় জমিতে জল জমেছে। কোথাও জলের তলায় পাকা ধান, কোথাও আবার জমিতে পড়ে রয়েছে কাটা ধান। সবজি চাষেও ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। জমিতে জল জমে থাকায় আলু চাষও পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।

Advertisement

জয়দেব-কেন্দুলি এলাকার সন্তোষপুর, ধুলপুর, আকম্বা, ভুবনেশ্বর, বালারপুর সহ একাধিক গ্রামের কৃষিজমিতে জল জমেছে। মাঠে কাটা ধান পড়ে রয়েছে। কোথাও ধান কেটে আঁটি বেঁধে জমির আলের পাশে রাখা হয়েছে। ফুলকপি, বাঁধাকপি, টোম্যাটো ও বেগুনের মতো সবজি চাষেও ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এলাকার চাষি প্রভাত মণ্ডল, সূর্য মণ্ডল বলেন, ধান জলে ভাসছে। আলু চাষ করতে পারছি না। বাড়িতে আলুর বীজ এনে রেখেছি। সেগুলিও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের মতো ছোট চাষিদের পাঁচ-ছ’বিঘা জমির ফসল নষ্ট হলে বড়ো ক্ষতি। আমরা চাই, সরকার পাশে থাকুক।
শুধু চলতি মরশুমের ফসল নয়, আসন্ন রবি চাষ নিয়েও উদ্বেগ বাড়ছে। অনেকেই আলুর বীজ কিনে জমি প্রস্তুত করে রেখেছিলেন। কিন্তু, জমিতে জল জমে থাকায় আলু রোপণ করা যাচ্ছে না। কৃষিদপ্তর সূত্রের খবর, বৃষ্টিতে ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। ফলে ধান কাটতে দেরি হবে। যাঁরা সরষে বুনেছিলেন, তাঁদেরও নতুন করে বীজ বুনতে হতে পারে। জমিতে আলুর গাছ বেরিয়ে থাকলে জল জমার কারণে পচন ধরার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাড়তে পারে ধসার প্রকোপ। আগামী সাতদিনের মধ্যে ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছে কৃষিদপ্তর। 
কৃষিদপ্তরের এক আধিকারিক বলেন, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করা হচ্ছে। কৃষকদের সরাসরি অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বরও চালু রয়েছে।
শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। সন্ধ্যার দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও আগামী দু’দিনের মধ্যে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরই জাঁকিয়ে শীত পড়তে পারে।  বৃষ্টিতে ধানের গাছ নুয়ে পড়েছে বীরভূমে কঙ্কালীতলা তোলা ছবি। -নিজস্ব চিত্র