Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

গরম থেকে রেহাই পেতে কুলিক সংরক্ষিত পাখিরালয়ে জলের ব্যবস্থা

সকাল আটটা বাজতে না বাজতেই চড়া রোদ। বিকেলেও গুমোট গরম। কার্যত চল্লিশ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। সবমিলিয়ে ঘেমেনেয়ে হাঁসফাঁস অবস্থা রায়গঞ্জবাসীর।

গরম থেকে রেহাই পেতে কুলিক সংরক্ষিত পাখিরালয়ে জলের ব্যবস্থা
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: সকাল আটটা বাজতে না বাজতেই চড়া রোদ। বিকেলেও গুমোট গরম। কার্যত চল্লিশ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। সবমিলিয়ে ঘেমেনেয়ে হাঁসফাঁস অবস্থা রায়গঞ্জবাসীর। এই অবস্থায় পক্ষীনিবাস কুলিকের পক্ষীকুলকে গরম থেকে বাঁচাতে পৃথক জলের ব্যবস্থাপনায় জোর দিল রায়গঞ্জ বনবিভাগ। শুধু তাই নয়, পক্ষীনিবাসের অন্দরে সংরক্ষিত পাখিরালয়কে তাপপ্রবাহ থেকে বাঁচাতে সবুজ নেট লাগাল বনদপ্তর। পক্ষীনিবাস সূত্রে খবর, সংরক্ষিত পাখিরালয়টিতে কাকাতুয়া, ককটেল, জাভা স্প্যারো, লং টেল গ্রাস ফিঞ্চ, বাজেরিগার, কোয়েলের মতো বিভিন্ন প্রজাতির ২০০ টি পাখি আছে। যাদের বিভিন্ন সময়ে ওই সংরক্ষিত পাখিরালয়ে এনে রাখা হয়েছে। তাদের জন্যই এই ব্যবস্থাপনা। গত ২৪ ঘণ্টায় রায়গঞ্জের তাপমাত্রা গৌড়বঙ্গের সবকটি জেলাকে টেক্কা দিয়েছে। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রায়গঞ্জে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে গিয়েছে ৩৯ ডিগ্রি। সর্বনিম্ন ২৯ ডিগ্রি। যা মালদহ ও দক্ষিণ দিনাজপুরের থেকে বেশি। মালদহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও বালুরঘাটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই কয়েকদিনের লাগাতার তাপপ্রবাহে আগাম ব্যবস্থা নেয় রায়গঞ্জ বনদপ্তর। রায়গঞ্জের ডিএফও ভূপেন বিশ্বকর্মার বক্তব্য, কুলিক পক্ষীনিবাসে পরিযায়ী পাখিরা ব্যাপক পরিমাণে এবার আসতে শুরু করেছে। তাই কুলিকের ভিতরে জলাশয়ে নদীর জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। সেইসঙ্গে কুলিকের অন্দরে একটি সংরক্ষিত পাখিরালয়তেও পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হয়েছে, যাতে স্নান ও পানের জন্য পাখিদের জলের অভাব না হয়। সংরক্ষিত পাখিরালয়ে তাপপ্রবাহের আঁচ যাতে না পড়ে, তার জন্য গ্রিন নেট টাঙানো হয়েছে। এতে সংরক্ষিত পাখিরালয়ে কিছুটা শীতলতা বজায় থাকবে। বাইরের তাপপ্রবাহেরও প্রভাব পড়বে না।  নিজস্ব চিত্র 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ