সংবাদদাতা, কালনা: গরম পড়তেই কালনা শহর জুড়ে অধিকাংশ ওয়ার্ডে ব্যাপক ভাবে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। দিনে তিনবার জল পরিষেবা থাকলেও সুতোর মতো জল পড়ছে বলে বাসিন্দাদের অভিযোগ। বাসিন্দাদের বক্তব্য, সবে গরম পড়তে শুরু করেছে। এখনই এই অবস্থা হলে আগামী তীব্র গরমে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। ক্ষোভ বাড়ছে নাগরিকদের মধ্যে।
পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল জল সঙ্কটের কথা স্বীকার করে বলেন, শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জল পরিষেবার পাম্পিং স্টেশনের জলস্তর কমে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। এমনও হয়েছে, পাম্প চালিয়ে জল তোলায় মোটর পুড়ে গেছে। পুরসভা এই সমস্যার বিষয়টি আগাম অনুধাবন করে শহরে দু’টি বুস্টার পাম্প স্টেশন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। আশা করি, দিন কুড়ির মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। তবে, এদিন তিনি নাগরিকদের প্রতি জল অপচয়ের দিকে নজর দেওয়ার অনুরোধ জানান।
স্থানীয় ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, সারে চার বর্গকিমি পরিধি কালনা পুরসভার। সাড়ে ১৬ হাজার হোল্ডিং রয়েছে। জনসংখ্যা ৬০ হাজারের বেশি। পুরসভার ১৮টি ওয়ার্ডে নাগরিকদের পানীয় জল পরিষেবার জন্য রয়েছে ২৭টি পাম্পিং স্টেশন ও চারটি জলাধার। ভাগীরথী নদী থেকে জল তুলে রিজার্ভারের মাধ্যমে পানীয় জল পরিষেবা দেওয়া হয়। কয়েক বছর ধরে দেখা যাচ্ছে গরম পড়তে না পড়তেই শহরজুড়ে বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সঙ্কট দেখা দিচ্ছে। সমস্যা বেশি শহরের ১, ২, ৬, ১০, ১১ নম্বর ওয়ার্ডে। পুরসভা সকাল, দুপুর ও বিকেল মিলিয়ে সাত ঘণ্টা পানীয় জল পরিষেবা দিলেও তাই নিয়ে সন্তুষ্ট নন নাগরিকরা। বাসিন্দাদের বক্তব্য, তিনবেলা পানীয় জল পরিষেবা পেলেও জল পড়ছে সুতোর মতো। এক বালতি জল পেতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে।
শহরের ভাদুড়ীপাড়া, জাপট এলাকার বাসিন্দা সজলকান্তি মোদক, জীবন সাঁধুখা বলেন, জল পরিষেবা ঠিক নেই। সরু সুতোর মতো জল পড়ে। সবে গরম পড়েছে। এরপর কী হবে বুঝতে পারছি না। পুরসভার উচিত অবিলম্বে পানীয় জল পরিষেবায় নজর দেওয়া। নাহলে সমস্যায় পড়তে হবে নাগরিকদের।