নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পেট্রল ভরে পাম্প থেকে কিছুটা যাওয়ার পর এক ব্যক্তির গাড়ি থেমে যায়। গ্যারাজে নিয়ে পরীক্ষা করার পর জানতে পারেন পেট্রলের বদলে গাড়ির ট্যাঙ্কে জল মেশানো জ্বালানি ভরে দিয়েছে পেট্রল পাম্প। তিনি একা নন আরও কয়েকজন একই পরিস্থিতির শিকার হন বলে জানা গিয়েছে। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জগৎবল্লভপুরের ইছানগরীর ওই পাম্পে। ক্ষুব্ধ গ্রাহকরা বিক্ষোভ দেখান। তার জেরে সাময়িকভাবে বন্ধ করা হয় তেল বিক্রি। জানা গিয়েছে, এদিন সকালে বাহানা এলাকার এক ব্যক্তি পাম্প থেকে ১২ লিটার পেট্রল কেনেন। কিন্তু ৫০ মিটার এগনোর পর আচমকা গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সামনে একটি গ্যারাজে গাড়ি নিয়ে যান তিনি। পরীক্ষার পর গাড়ির কারিগর জানান, ট্যাঙ্কে পেট্রলের সঙ্গে জল মিশে আছে। এরপর ট্যাংক থেকে জ্বালানি বের করে একটি সাদা পাত্রে রাখতেই তেলে জল মিশে থাকার বিষয়টি স্পষ্ট হয়। সেই নমুনা নিয়ে পাম্পে পৌঁছতেই আরও কয়েকজন গ্রাহক একই অভিযোগ জানান। কেউ বোতলে, কেউ ড্রামে করে জল মেশানো জ্বালানি নিয়ে হাজির হন। এর জেরে সমস্যায় পড়েন একাধিক গাড়িচালক। যদিও পাম্প প্রথমে জানায়, ইথানল মেশার কারণে এমন সমস্যা হতে পারে। তবে কিছু পরে পাম্পের মালিক অভীক চট্টোপাধ্যায় ট্যাঙ্কে জল থাকার বিষয়টি স্বীকার করে নেন। তাঁর দাবি, একটি ইউনিটের পাইপলাইনের কাজ চলছিল। কয়েক দিন বৃষ্টিতে কোনোভাবে হয়ত ট্যাংকে জল ঢুকে গিয়েছে। প্রতিদিন পাম্প চালুর আগে সবকিছু পরীক্ষা করা হয়। শনিবারও পরীক্ষা করে তেল দেওয়া উচিত ছিল। কিন্তু দুই বাইক আরোহী চলে আসায় তড়িঘড়ি তাঁদের তেল দিতে হয়। অভিযোগ পাওয়ার পর তাঁদের টাকা ফেরত দেওয়া হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট পেট্রলিয়াম সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। সংস্থার ইঞ্জিনিয়াররা এসে ট্যাংক পরিষ্কার করার পর তেল বিক্রি শুরু হবে বলে জানান পাম্প মালিক। ততদিন বন্ধ থাকবে তেল সরবরাহ। নিজস্ব চিত্র



