Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অণ্ডালের খনি অঞ্চলে জলসঙ্কট মেটাতে ত্রাতা ‘ওয়াটার এটিএম’

অণ্ডালের খনি অঞ্চলে জলসঙ্কট মেটাতে ত্রাতা ‘ওয়াটার এটিএম’
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল ব্লকের খনি অঞ্চলে পথচলতি মানুষ ও এলাকাবাসীকে পরিশুদ্ধ জল পরিষেবা দিতে ‘ওয়াটার এটিএম’ বসানো হচ্ছে। ইতিমধ্যেই বেশকিছু এটিএমে জল পরিষেবা চালু হয়ে গিয়েছে। পঞ্চায়েতের দাবি, খনি অঞ্চল হওয়ায় এখানে নিত্য প্রয়োজনীয় বা পানীয় জলের ব্যাপক সঙ্কট রয়েছে। গরমে মানুষকে পরিশুদ্ধ ও ঠান্ডা-গরম জল পরিষেবা দিতেও বিশেষ কয়েকটি এটিএম বসানো হয়েছে। তাতে বহু মানুষ উপকৃত হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।

Advertisement

ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অণ্ডাল ব্লকে ৮টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। ওই ব্লকের অধিকাংশ এলাকায় কয়লা খনি রয়েছে। কয়লা উত্তোলনের কারণে ভূগর্ভস্থ জলস্তর নেমে গিয়েছে। তারজেরে এলাকার টিউবওয়েলে জল ওঠে না। পুকুর, জলাশয় ও কুয়োর জল দ্রুত শুকিয়ে যায়। সারাবছরই পানীয় কিংবা নিত্য প্রয়োজনীয় জলের সঙ্কট দেখা দেয়। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পাইপ লাইনের মাধ্যমে এলাকায় জল পরিষেবা দিয়ে থাকেন। সেই জল পর্যাপ্ত পরিমাণে না মেলায় এলাকাবাসী প্রায়ই বিক্ষোভ দেখান। ইতিমধ্যেই ‘জলস্বপ্ন’ প্রকল্পে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল দেওয়ার কাজ প্রায় শেষের দিকে। এলাকায় জল সঙ্কট কাটাতে ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের তরফে প্রায় তিন বছর আগে ওয়াটার এটিএম বসানোর উদ্যোগ নেওয়া হয়। সেইমতো পঞ্চায়েত এলাকায় এটিএম বসানোর কাজ শুরু হয়। বর্তমানে ব্লকে প্রায় ২৫টি ওয়াটার এটিএম বসানোর কাজ চলছে। প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে এক একটি মেশিন বসানো হচ্ছে।
তারমধ্যে কয়েকটিতে ঠান্ডা-গরম জলের ব্যবস্থা রয়েছে। কয়েকটি মেশিনের পরিষেবা চালু হওয়ায় ইতিমধ্যেই উপকৃত হচ্ছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা রিন্টু ঘাঁটি ও চন্দন সাউ বলেন, ওয়াটার এটিএম চালু হওয়ায় আমরা উপকৃত হয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে জল মিলছে। আমাদের এখানে ১০টাকায় ২০লিটার এবং দু’টাকায় দু’লিটার পরিশুদ্ধ জল মিলছে। দক্ষিণখণ্ড গ্রাম পঞ্চায়েতে প্রায় ১০টি ওয়াটার এটিএম বসানো হচ্ছে। পঞ্চায়েত প্রধান অনন্ত ঘোষ বলেন, সমিতির তহবিলের টাকায় ৫টি এটিএম বসেছে। আর পঞ্চায়েতের তহবিলে ৫টি বসেছে। ওই এটিএমের জলের উৎসের জন্য সাবমার্সিবল ও কুয়ো করা হচ্ছে। দু’টি চালু হয়েছে। বহু মানুষ উপকৃত হচ্ছেন ও ভবিষ্যতে হবেন। শ্রীরামপুর পঞ্চায়েত প্রধান জগৎপতি বাউরি বলেন, ঠান্ডা-গরম জলের একটি মেশিন বসানো হয়েছে। আরও বসানোর পরিকল্পনা রয়েছে।
বিডিও দেবাঞ্জন দত্ত বলেন, খনি অঞ্চলে জলের সঙ্কট থাকায় এই উদ্যোগ নেওয়া হয়। পঞ্চায়েত সমিতি থেকে প্রায় ৭টি ওয়াটার এটিএম বসানো হয়েছে। উখড়া, অণ্ডাল, মদনপুর ও দক্ষিণখণ্ড সহ প্রায় প্রতিটি পঞ্চায়েতে এই মেশিন বসানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ