Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগ হাসপাতালের গেটে অল্প বৃষ্টিতেই জমছে জল, দুর্ভোগ

আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের সামনে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। তার জেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত সোমবার গভীর রাতে বৃষ্টিতে জল জমে যায়।

আরামবাগ হাসপাতালের গেটে  অল্প বৃষ্টিতেই জমছে জল, দুর্ভোগ
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের সামনে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। তার জেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত সোমবার গভীর রাতে বৃষ্টিতে জল জমে যায়। দিনভর দুর্ভোগের মধ্যে পড়েন পথচারীরা। শেষমেশ মঙ্গলবার বিকেলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে পাম্প লাগিয়ে জমা জল সরানোর ব্যবস্থা হয়। তাতে স্বস্তি মেলে। কিন্তু, বাসিন্দাদের অভিযোগ, অল্প বৃষ্টিতেই মেডিকেল কলেজ ও হাসপাতালের গেট এভাবে জলমগ্ন হয়ে পড়ছে। বর্ষার সময় পরিস্থিতি আরও করুণ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন বাসিন্দারা। 

Advertisement

আরামবাগ মেডিকেলের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় বলেন, রাস্তা নির্মাণের কাজের জন্য তা উঁচু হয়ে গিয়েছে। ফলে হাসপাতালে ঢোকার রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য পূর্তদপ্তরকে বলা হয়েছে। তাঁরা এই ব্যাপারে আশ্বাস দিয়েছে। হুগলি জেলা পূর্ত দপ্তরের এক ইঞ্জিনিয়ার বলেন, জল জমার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মেটানো হবে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগ থেকে তিরোল পর্যন্ত রাস্তা নির্মাণ ও সম্প্রসারণের কাজ করছে পূর্তদপ্তর। কিন্তু আরামবাগ মেডিকেলের গেটের সামনের রাস্তা নির্মীয়মাণ রাস্তার তুলনায় নীচু হয়ে গিয়েছে। মঙ্গলবার ভোর থেকে খানিক ঝড়-বৃষ্টি হয়। তাতেই মেডিকেলের সামনের রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। সকাল থেকে ঘুরপথে যাতায়াত করতে হয়েছে রোগী ও তাঁদের পরিজনদের। এমনকী, দুর্ভোগের মধ্যে চলাচল করতে হয়েছে চিকিৎসক, নার্স সহ অন্য স্বাস্থ্য কর্মীদের। জলের মধ্যে বাইক চালকদের চরম দুর্ভোগ হয়েছে। দিনভর সেভাবেই যাতায়াত চলতে থাকে। অবশেষে বিকালে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পাম্প লাগিয়ে জমা জল সরানো হয়। 
স্থানীয় বাসিন্দারা বলেন, মেডিকেল কলেজের রাস্তায় সমসময় ভিড় থাকে। যানবাহনের সঙ্গে হেঁটেও যাতায়াত করে বহু মানুষ। এই অবস্থায় হাসপাতালের মূল গেটের সামনে দীর্ঘ সময় জলমগ্ন থাকায় সমস্যায় পড়তে হয়েছে। এক্ষেত্রে রাস্তা সম্প্রসারণের পাশাপাশি নিকাশি নালারও প্রয়োজন। কিন্তু, তার ব্যবস্থা ওই অংশে নেই। তাই পর্যাপ্ত জল নিকাশির ব্যবস্থা করাও বেশ জরুরি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ