Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে বিধায়ক তহবিলের টাকায় তৈরি হল ওয়াচ টাওয়ার

সিউড়িতে বিধায়ক তহবিলের টাকায় তৈরি হল ওয়াচ টাওয়ার
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি শহরে বসতে চলেছে ওয়াচ টাওয়ার। সৌজন্যে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তাঁর বিধায়ক তহবিলের অর্থেই জেলার সদর শহরের প্রাণকেন্দ্রে এই ওয়াচ টাওয়ার বসানো হবে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। পুরসভার তরফে প্রাথমিকভাবে জানা গিয়েছে, শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তিন রাস্তার মোড়ে ওয়াচ টাওয়ারটি বসবে। অতিদ্রুত ওই এলাকায় পৃথকভাবে নির্মাণকাজও শুরু হতে চলেছে। বিধায়ক বলেন, জেলার একাধিক জায়গায় ওয়াচ টাওয়ার রয়েছে। সিউড়িতেও ওয়াচ টাওয়ার গড়ে তোলার দাবি উঠেছিল। সাধারণ মানুষের দাবিকে প্রাধান্য দিয়েই এই ওয়াচ টাওয়ার গড়ে তোলার ভাবনা। আশা করছি  এটি সিউড়ি শহরে পর্যটকদের নজর কাড়বে। 

Advertisement

শহর সিউড়িকে সাজিয়ে তুলতে বিভিন্ন সময় ওয়াচ টাওয়ার বসানোর দাবি আগেই উঠেছিল। এরপরই বিধায়ক তহবিলের টাকায় ওয়াচ টাওয়ার গড়ে তোলার সিদ্ধান্ত নেন বিকাশবাবু। সেই মোতাবেক ইতিমধ্যেই তিনি প্রায় ১৯ লক্ষ টাকা সিউড়ি পুরসভার হাতে তুলে দিয়েছেন। এরপরই পুরসভাও ওয়াচ টাওয়ার বসানোর কাজে হাত লাগিয়েছে। সিউড়ি শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাসস্ট্যান্ড সংলগ্ন তিন রাস্তার মোড়ে এই ওয়াচ টাওয়ার বসানো হবে। ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু হয়েছে। সেখানে থাকা হাইমাস্ট লাইটটি সরিয়ে ফেলা হয়েছে। পরবর্তীতে সেখানে থাকা নেতাজিরমূর্তিও সরানো হবে। সূত্রের খবর, বেসরকারি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পূর্ণাবয়ব নেতাজির ওই মূর্তিটি প্রতিস্থাপিত হবে। পর্যাপ্ত আলোয় মূর্তি সংলগ্ন এলাকা নতুন করে সাজানো হবে। সেক্ষেত্রে প্রায় এক লক্ষ টাকা খরচ করবে পুরসভা। 
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওয়াচ টাওয়ারের চতুর্দিকে বিশাল আকারের ঘড়ি থাকবে। ওয়াচ টাওয়ারের ভিতরের অংশটি মূলত লোহার তৈরি হবে। তার উপর কারুকার্য করা এফআরপি অর্থাৎ ফায়ার রেজিস্ট্যান্ট পলিমারের আবরণ থাকবে। ইতিমধ্যে কলকাতায় ওয়াচ টাওয়ার তৈরির কাজ চলছে। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, শহরকে সুন্দর করে সাজিয়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। বিধায়ক তহবিলের অর্থেই সম্পূর্ণ কাজ হচ্ছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৫ আগস্ট এই ওয়াচ টাওয়ারের উদ্বোধন হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ