নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দীর্ঘদিনের আবর্জনার সমস্যার সমাধানে উদ্যোগী হল সাঁকরাইল পঞ্চায়েত সমিতি। প্রথম পর্যায়ে হাওড়া শহর সংলগ্ন সাঁকরাইল ব্লকের দ্যুইলা, পাঁচপাড়া, থানামাকুয়া এবং ঝোড়হাট— এই চারটি পঞ্চায়েতকে নিয়ে তৈরি হতে চলেছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে এই চার পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের কাজও শুরু হবে। সম্প্রতি সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাঘরে এ নিয়ে বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র তৈরির কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় জমির অভাবের কারণে এতদিন এই চার পঞ্চায়েতে স্থায়ীভাবে বর্জ্য ব্যবস্থাপনার পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি। সেই সমস্যা মিটিয়ে এবার দ্রুত কেন্দ্রটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। চারটি পঞ্চায়েতের সংগৃহীত বর্জ্য ওই কেন্দ্রেই নিয়ে গিয়ে প্রক্রিয়াকরণের ব্যবস্থা করা হবে। পঞ্চায়েত সমিতির বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি তুষার ঘোষ, সাঁকরাইলের বিডিও কামরুল মুনির সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য পদাধিকারীরা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহের জন্য মোট ১৬টি দূষণমুক্ত গাড়ি নামানো হবে। প্রয়োজন অনুযায়ী পরবর্তীকালে আরও গাড়ি দেওয়া হবে।
জেলা পরিষদের সহ সভাধিপতি তুষার ঘোষ বলেন, হাওড়া শহর লাগোয়া হওয়ায় এই চার পঞ্চায়েত এলাকায় বহুতল আবাসন তৈরি হচ্ছে। ফলে গ্রামাঞ্চলের তুলনায় এখানে জনসংখ্যার ঘনত্ব বেশি। তাই দ্রুত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু করা জরুরি। পরবর্তীকালে ধীরে ধীরে আরও পঞ্চায়েত মিলিয়ে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র তৈরি হবে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়ির আবর্জনা ফেলার নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় রাস্তার ধারে ও ফাঁকা জায়গায় বর্জ্য জমছে। তাতে দুর্গন্ধের পাশাপাশি পরিবেশ দূষণের সমস্যাও তৈরি হচ্ছে। নতুন ব্যবস্থা চালু হলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশা স্থানীয়দের।