তোলাবাজির টাকা খাটত মাদক কারবার ও সুদে? দু’মাস ধরে নদীয়ায় ঘাঁটি গেড়ে ‘অপারেশন’ চালাচ্ছিল আকাশ
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, পুরাতন মালদহ: দু’মাস ধরে নদীয়ায় ঘাঁটি গেড়ে ‘অপারেশন’ চালাচ্ছিল কুখ্যাত দুষ্কৃতী আকাশ মণ্ডল। সেখান থেকেই সে মালদহের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের ভিডিয়ো কল করে মোটা অংকের তোলা চেয়ে হুমকি দিচ্ছিল। ধৃত ওই দুষ্কৃতীকে জেরা করে এমনটাই জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 

Advertisement

শুধু তাই নয়, তোলা বাবদ আদায় হওয়া লক্ষ লক্ষ টাকা আকাশ বাহিনী মাদক কারবারের পাশাপাশি সুদে খাটাত বলেও সূত্রের খবর। হরিণঘাটা থেকে গ্রেপ্তারের সময় আকাশের কাছ থেকে যে ওয়ান শটার পিস্তল পাওয়া যায়, সেটি মুঙ্গেরে তৈরি বলে ধারণা পুলিশের। সেক্ষেত্রে বিহারের অস্ত্র কারবারিদের সঙ্গে তার কোনো যোগ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 
ইতিমধ্যেই পুলিশ জানতে পেরেছে, দাবি মতো তোলা দিতে কেউ অস্বীকার করলে তাঁকে বিহার কিংবা ঝাড়খণ্ডের ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে খুনের হুমকি দিত আকাশ। সেক্ষেত্রে ভিন রাজ্যের অপরাধ জগতে তার হাত কতদূর বিস্তৃত, তা নিয়ে খোঁজখবর শুরু করেছে মালদহ জেলা পুলিশ। 
পুরাতন মালদহের বাসিন্দারা বলছেন, সাহাপুরে আম বাগানের পাশাপাশি মহানন্দা নদীর বাঁধে ডেরা ছিল আকাশ ও তার বাহিনীর। বেশ কয়েক মাস আগে পুলিশ অভিযান চালিয়ে নদীর বাঁধে আকাশের ডেরা গুঁড়িয়ে দেয়। কিন্তু পরে সেখানে ফের ঘাঁটি তৈরি করে সে। 
পুলিশের এক আধিকারিক বলেন, আকাশ গভীর জলের মাছ। তাকে জেরা করলেই যে সে সবকিছু গড় গড় করে বলে দেবে, এমনটা নয়। তবে আকাশের কাছে আরও আগ্নেয়াস্ত্র থাকতে পারে। সেগুলি উদ্ধারের চেষ্টা চলছে। খোদ পুলিশ সুপার আকাশকে জেরা করতে পারেন বলেও খবর। যদিও এখনও পর্যন্ত ওই দুষ্কৃতীকে জেরা করে কী তথ্য মিলল, সে ব্যাপারে কিছু বলতে নারাজ এসপি। এনিয়ে বুধবার তাঁকে মেসেজ করা হলেও কোনো উত্তর দেননি তিনি।
পুলিশ সূত্রে খবর, মাস দু’য়েক ধরে পরিবার নিয়ে মালদহ থেকে নদীয়ায় গিয়ে গা ঢাকা দিয়েছিল আকাশ। তবে সেখানে তার বাড়ি বা ফ্ল্যাট আছে, নাকি কোথাও ভাড়া ছিল সে, তা এখনও জানতে পারেননি তদন্তকারীরা। তবে আকাশ নদীয়ায় ঘাঁটি গেড়ে থাকলেও তার বাহিনী ছিল মালদহে। আকাশের থ্রেট কল কারো কাছে যাওয়ার পরই তোলা আদায়ে তার কাছে পৌঁছে যেত ওই দুষ্কৃতীর বাহিনী। কাপড়ের ব্যবসায়ী থেকে জমি-বাড়ির ব্যবসা করা, কেউই আকাশকে তোলা না দিয়ে পার পেতেন না। 
আকাশ শেষবার যে ব্যবসায়ীর কাছে ২০ লক্ষ টাকা তোলা চেয়ে ভিডিয়ো কলে থ্রেট করে, সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। এরপরই আকাশ বুঝতে পারে, পুলিশের হাতে সে ধরা পড়ে যেতে পারে। সেকারণে গাড়ি নিয়ে পালানোর ছক কষে ওই দুষ্কৃতী। কিন্তু তার আগেই তাকে পাকড়াও করে মালদহ থানার পুলিশ।  ফাইল চিত্র