ওয়ার্ড কো-অর্ডিনেটর! বিজেপিতে গৃহযুদ্ধ, উত্তর শহরতলি নিয়ে বেকায়দায় নেতৃত্ব
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশ্বজিৎ মাইতি, বরানগর: উত্তর শহরতলির হাতেগোনা তিনটি পুরসভা ছাড়া বাকি সব পুরবোর্ড ভেঙে গিয়েছে। পুরসভা পরিচালনায় এখন কোথাও ওয়ার্ড প্রমুখ, ওয়ার্ড কো-অর্ডিনেটর, কোথাও আবার বিধায়ক বন্ধু নিয়োগ করেছে গেরুয়া শিবির। নিয়োগ হওয়া এই প্রতিনিধিরাই কি তাহলে আগামী দিনের কাউন্সিলার? এই প্রশ্নকে ঘিরেই উত্তর শহরতলি জুড়ে বিজেপির কোন্দল মারাত্মক আকার নিয়েছে। জেলা ও মণ্ডলের গোষ্ঠী কোন্দল ছড়িয়ে পড়েছে ওয়ার্ডে ওয়ার্ডে। এলাকা দখলে রাখতে প্রতিনিয়ত ঝামেলায় জড়াচ্ছে পরষ্পর বিরোধী গোষ্ঠী। কেউ কেউ আবার ঘনিষ্ঠদের দিয়ে পুরসভা ভোটের প্রার্থী হিসাবে সমাজমাধ্যমে আগাম ঘোষণাও করাচ্ছে। বিজেপির বর্ষীয়ান নেতাদের দাবি, পানিহাটির ঘটনা আসলে ক্ষমতা দখলের ফলশ্রুতি। 

Advertisement

শনিবার রাতে পানিহাটিতে এক দোকানদারদের সঙ্গে একদল যুবকের ঝামেলা হয়েছিল। ঘটনাটি অতি সাধারণ। কিন্তু ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে তাতে রাজনৈতিক রং লেগেছিল। ঈশ্বর চট্টোপাধ্যায় রোডের দোকানে বসে যারা আড্ডা মারছিল ও অশালীন ভাষা প্রয়োগ করছিল, তাদের পক্ষ নিয়েছিলেন ওয়ার্ড কো-অর্ডিনেটর সুরজিৎ বিশ্বাস ওরফে ননী। উলটোদিকে ব্যবসায়ীদের পক্ষ নিয়েছিলেন বিধায়ক ঘনিষ্ঠ পানিহাটি ১ নম্বর মণ্ডলের সম্পাদক রুমা সাহা। দু’জনেই আদি বিজেপি। কিন্তু ননীবাবু ওয়ার্ড কো-অর্ডিনেটর হওয়ার পর দু’জনের মধ্যে সংঘাত বেড়েছিল। বিজেপি কর্মীদের দাবি, আসলে লড়াইটা কাউন্সিলারের টিকিট নিয়ে! এর মধ্যে শনিবারের ঘটনা আগুনে ঘি ঢালে। ওই রাতে প্রথমে রুমা দেবী বিতর্ক মিটিয়ে দিলেও তা পছন্দ হয়নি ননীবাবুর। রাতে তিনি দলবল হাজির হন। শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা ও ধস্তাধস্তি। তার জেরেই মৃত্যু হয় অরূপ সাহার। 
বিজেপি সূত্রে জানা গিয়েছে, দমদম থেকে খড়দহ— বিভিন্ন পুরসভা পরিচালনার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। কোথাও বিধায়ক নিজের লোককে বসিয়েছেন, কোথাও আবার সংগঠন থেকে লোক বসানো হয়েছে। যাঁরা যেখানে বসেছেন, তাঁরা এর মধ্যেই নিজেদের কাউন্সিলার বলে ভাবতে শুরু করেছেন। তাঁরা দলকে উপেক্ষা করে নিজের মতো দল সাজাচ্ছেন। এখান থেকে শুরু হয়েছে সমস্যা। ওয়ার্ড কো-অর্ডিনেটরের পালটা গোষ্ঠী প্রতিটি জায়গায় সক্রিয় হয়েছে। শুধু তাই নয়, প্রতি ওয়ার্ডে কমপক্ষে বিজেপির ৭-৮ জন নেতা-কর্মী কাউন্সিলার হওয়ার স্বপ্ন দেখছেন। কামারহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক বিজেপি নেতা ইতিমধ্যেই দলের নাম ছাড়াই নিজের ছবি দিয়ে পুরভোটের প্রার্থী হিসাবে প্রচার শুরু করেছেন। এই ইঁদুর দৌড়ের আবহে চলছে কাদা ছোড়াছুড়ি, চক্রান্ত ও অবিশ্বাসের বাতাবরণ তৈরির কাজ। কারা তৃণমূলের লেঠেল, কারা ভালো তৃণমূল, কে পুরানো বিজেপি এসব বিচারের সময় পাচ্ছেন না ওয়ার্ডের নেতারা। একাধিক বর্ষীয়ান নেতার কথায়, উচ্চতর নেতৃত্ব এখনই রাশ না টানলে আগামী দিনে শহরতলিতে বিজেপির অন্দরে গৃহযুদ্ধ লাগবে। তাতে অনেকের প্রাণও যেতে পারে। পুরভোট যত এগিয়ে আসবে, এই সমস্যা আরও ভয়ঙ্কর হবে।