নয়াদিল্লি (পিটিআই): ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে একঝাঁক আবেদন পেশ হয়েছে সুপ্রিম কোর্টে। এই ইস্যুতে অন্তর্বর্তী সুরাহাপ্রদানের বিষয়ে কেন্দ্র ও আবেদনকারীদের বক্তব্য নিয়ে আগামী ২০ মে শুনানি হবে সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার শীর্ষ আদালতের তরফে একথা জানানো হয়েছে।
মূলত তিনটি ইস্যুতে অন্তর্বর্তী নির্দেশ জারি নিয়ে শুনানি হবে প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এ জি ম্যাসির বেঞ্চে। এই তিনটি ইস্যুর মধ্যে অন্যতম হল আদালত দ্বারা ঘোষিত ওয়াকফ সম্পত্তিকে ডিনোটিফাই করার ক্ষমতা। এছাড়া আবেদনকারীদের তরফে তোলা দ্বিতীয় ইস্যুটি হল রাজ্য ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের গঠনতন্ত্র। সরকারি পদক্ষেপের বিরোধিতা করে আবেদনকারীদের বক্তব্য, পদাধিকারি বলে কোনও অ-মুসলিম আধিকারিক ছাড়া অন্য কোনও অ-মুসলিমকে বোর্ডের সদস্য করা ঠিক নয়। তৃতীয় ইস্যুটি হল সংশোধিত ওয়াকফ আইনের সুনির্দিষ্ট একটি ধারা। সেখানে বলা হয়েছে, কোনও জমি সরকারি সম্পত্তি কি না, তা নিয়ে কালেক্টরের তদন্ত চলাকালীন ওই সেটিকে ওয়াকফ সম্পত্তি বলে বিবেচনা করা যাবে না। আবেদনকারীদের তরফে কপিল সিবাল সহ অন্যান্য আইনজীবী ও কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহরাকে ১৯ মের মধ্যে লিখিতভাবে বক্তব্য পেশের নির্দেশ দেওয়া হয়েছে।