নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে সম্পত্তি কর? মূল করের উপর মোটা অঙ্কের সুদ ও জরিমানা চেপেছে? তাই ইচ্ছা থাকলেও বিপুল অঙ্কের বকেয়া মেটাতে পারছেন না? রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকার কয়েক লক্ষ নাগরিক তথা সম্পত্তি করদাতার এই ধরনের সমস্যার সুরাহা করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তাঁদের উপর চেপে থাকা বকেয়া করের বোঝা লাঘব করতে প্রত্যেক পুরসভায় বিশেষ ‘ওয়েভার স্কিম’ চালু করেছে রাজ্য। ‘ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি ইনসেনটিভ (ওয়েভার অব ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি টু দা প্রপার্টি ট্যাক্স পেয়ার্স) স্কিম ২০২৬’ নামক এই স্কিমের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া সম্পত্তি কর একসঙ্গে মিটিয়ে দিতে চাইলে জমে থাকা সুদ ও জরিমানা ১০০% মকুব করা হচ্ছে। শুধু তাই নয়, বসতবাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে বকেয়া মূল করের উপরে মিলছে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়। তবে দোকান, অফিস বা অন্যান্য বাণিজ্যিক সম্পত্তির ক্ষেত্রে মূল করের উপর এই ছাড় পাওয়া যাবে না। প্রসঙ্গত, বকেয়া কর প্রদানে নাগরিকদের উৎসাহ দিতে কলকাতা ও হাওড়া পুরসভা এলাকায় আগেই চালু হয়েছে ‘ওয়েভার স্কিম’। এবার সেই সুযোগ পাচ্ছেন রাজ্যের অন্যান্য পুর এলাকার সম্পত্তি করদাতারা।
সূত্রের খবর, ইতিমধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। রাজ্যের সমস্ত পুরসভা এবং নোটিফায়েড এরিয়ার সম্পত্তি করদাতারা এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি প্রকাশের দিন (১৮ নভেম্বর) থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত মিলবে সুযোগ। তবে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বকেয়া করের উপর সুদ ও জরিমানাতেই এই ছাড় মিলবে। এক্ষেত্রে রয়েছে আরও একটি শর্ত। এই সুবিধা পেতে গেলে যাবতীয় ছাড় দেওয়ার পর যে অঙ্কের বকেয়া দাঁড়াবে, তা মেটাতে হবে এক লপ্তে। কয়েক ধাপে বা কিস্তিতে মেটালে মিলবে না ‘ওয়েভার স্কিম’-এর সুবিধা। ছাড়ের সুযোগ নিতে গেলে সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য জানিয়ে আবেদন করতে হবে সংশ্লিষ্ট পুরসভার কাছে। আবেদনের ৩০ দিনের মধ্যে পুরসভা ছাড় হিসাব করে মোট বকেয়া জানিয়ে দেবে করদাতাকে। আগামী ৩১ মার্চের মধ্যে সেই টাকা পুরসভার কাছে জমা করতে হবে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘সাধারণ মানুষের সুরাহার কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে এর ফলে একই সঙ্গে পুরসভাগুলির নিজস্ব আয় বাড়বে। আর্থিকভাবে অনেকটা স্বনির্ভর হতে পারবে তারা।’ তবে বিরোধীদের বক্তব্য, পুরসভাগুলির এমনিতেই ‘ভাঁড়ে মা ভবানী’ দশা। এই অবস্থায় ওয়েভার স্কিমের হাত ধরে এককালীন বেশ কিছু টাকা হয়তো কোষাগারে ঢুকবে। কিন্তু যাঁরা সময়ে সম্পত্তি কর মেটান না, আদতে তাঁরাই উৎসাহিত হবেন। পরবর্তী সময়ে এই ধরনের ছাড়ের আশায় সময়ে কর জমা করতে চাইবেন না তাঁরা। ফলে কর সংগ্রহের প্রক্রিয়াই ক্ষতিগ্রস্ত হবে।


