নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনসাতেক পর রাজনৈতিক পরিসরে বড়ো কোনো ধামাকা হতে পারে। এমনই ইঙ্গিত দিলেন মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোড়াফুলের প্রতীক সংক্রান্ত বিষয়টি এখন নির্বাচন কমিশনের বিচারাধীন। তৃণমূলের দুই শিবিরের পক্ষ থেকেই ইতিমধ্যে প্রতীক সংক্রান্ত হলফনামা জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। এখন কমিশন সবদিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এই অবস্থায় বুধবার গুরুত্বপূর্ণ দাবি পেশ করেন অভিষেক। তাঁর বক্তব্য, খালি সাতদিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবে। আর সাতদিন দাঁড়ান, কীভাবে পুলিশ থানায় হলফনামা সংক্রান্ত ফাইলের কাজ করেছে, তার তথ্য সামনে আনা হবে। বড়ো পর্দায় সকলকে সাক্ষী রেখে দেখানো হবে।
প্রসঙ্গত, এর আগে অভিষেক অভিযোগ করেছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের হয়ে কাজ করেছে বিজেপি সরকারের পুলিশ। থানায় বসে ঋতব্রতদের হলফনামা পুলিশ পূরণ করেছে। তার ছবি, ভিডিয়ো রয়েছে। সেই প্রেক্ষাপটেই মনে করা হচ্ছে, ওই ভিডিয়ো অভিষেক প্রকাশ করতে পারেন। যদিও ঋতব্রত শিবিরের নেতা আখরুজ্জমান পালটা বলেন, আমরা যে কাগজপত্র জমা দিয়েছি, তাতে আমাদের নির্বাচন কমিশনের উপর আস্থা রয়েছে, জোড়াফুল প্রতীক আমাদের হাতেই আসবে। ওই প্রতীক আমরা পাওয়ার পর তখন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন বলেন না ‘সেটিং’ হয়ে গিয়েছে!
আখরুজ্জামানের আরও দাবি, দিল্লিতে বিজেপির সঙ্গে অভিষেকের সেটিং রয়েছে। তা নাহলে ওঁর নামে এত অভিযোগের পরও কী করে বহাল তবিয়তে রয়েছেন তিনি? যদিও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেকের যদি এত বেশি সেটিং হয়ে যায়, তাহলে তো শুভেন্দু অধিকারীর ইস্তফা দেওয়া উচিত।



