১২৫ দিনের কাজে অস্থায়ী কর্মীদের বেতন বাড়ল ৮ হাজার টাকা পর্যন্ত, মিলবে একাধিক সুবিধা, ৬০ বছর পর্যন্ত কাজের সুযোগও
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১২৫ দিনের কাজের প্রকল্পে যুক্ত প্রায় ১০ হাজার অস্থায়ী কর্মীর জন্য বড়োসড়ো আর্থিক ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা করল রাজ্য সরকার। ভিবি জিরামজি প্রকল্পের অধীনে চুক্তিভিত্তিক কর্মীদের প্রতিমাসের পারিশ্রমিক ৮ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁদের এই পারিশ্রমিক প্রতিবছর বাড়বে ৩ শতাংশ হারে। আর দেওয়া হবে ৬০ বছর বয়স পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুযোগ এবং বিভিন্ন ধরনের ছুটির সুবিধা। ১ নভেম্বর, ২০২৬ থেকে এই নতুন সুবিধা কার্যকর হবে। নির্দেশিকা জারি করেছে নবান্ন।

Advertisement

রাজ্যের নির্দেশিকা অনুযায়ী, যাঁদের প্রতিমাসের বর্তমান পারিশ্রমিক ২৫ হাজার টাকা পর্যন্ত, তাঁদের ক্ষেত্রে ১০ বছরের কম কাজের অভিজ্ঞতা থাকলে মাসে ৬ হাজার টাকা এবং ১০ বছর বা তার বেশি অভিজ্ঞতা থাকলে ৭ হাজার টাকা বাড়বে। অন্যদিকে, যাঁদের বর্তমান পারিশ্রমিক ২৫ হাজার টাকার বেশি কিন্তু ৪৫ হাজার টাকা পর্যন্ত, তাঁদের ক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে যথাক্রমে ৭ হাজার ও ৮ হাজার টাকা বৃদ্ধি করা হবে।
শুধু এককালীন পারিশ্রমিক বৃদ্ধিই নয়, ২০২৭ সালের ১ জুলাই থেকে, প্রতিবছর জুলাইতে মাসিক পারিশ্রমিক বাড়ানো হবে ৩ শতাংশ হারে। অন্তত ১০ বছর সন্তোষজনকভাবে কাজ করেছেন, এমন কর্মীরা ৬০ বছর বয়স পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। তবে তার জন্য প্রকল্পে পর্যাপ্ত কাজ থাকা, সন্তোষজনক কাজের রেকর্ড এবং নির্ধারিত শর্ত পূরণ করা বাধ্যতামূলক। আগের মতোই প্রতিবছর চুক্তি পুনর্নবীকরণ করতে হবে।
ছুটির ক্ষেত্রেও একাধিক সুবিধা দেওয়া হয়েছে। বছরে ৩০ দিন সাধারণ ছুটি, ১০ দিন চিকিৎসাজনিত কারণে জন্য ছুটি, মহিলা কর্মীদের ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি এবং গর্ভপাত বা গর্ভপাতজনিত সমস্যায় ৪২ দিন ছুটির ব্যবস্থা করা হয়েছে। এই সুবিধা অবশ্য চুক্তিভিত্তিক সাব-অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।