Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোট দেওয়ার ছবি মোবাইলে তুলে এনে দেখাতে হবে, বিজেপির হুইপ , কাঁথি সমবায়ের ভোট ঘিরে তপ্ত হচ্ছে খেজুরি-২ ব্লক

ভোট দেওয়ার ছবি মোবাইলে তুলে এনে দেখাতে হবে, বিজেপির হুইপ , কাঁথি সমবায়ের ভোট ঘিরে তপ্ত হচ্ছে খেজুরি-২ ব্লক
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: কাল, শনিবার কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের নির্বাচন। তার আগে ১৩টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে ওঠে এসেছে খেজুরি-২ নির্বাচন ক্ষেত্র। শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টো পর্যন্ত খেজুরি আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুলে ওই ব্লকের ব্যাঙ্কের সদস্যরা ভোট দেবেন। ভোট দেওয়ার পর তার ছবি মোবাইলে তুলে বিজেপি নেতাদের দেখাতে হবে বলে পদ্মপার্টির নেতারা হুইপ জারি করছেন বলে অভিযোগ। প্রতিটি বুথে তিন-চার জনের কমিটি গড়েছে বিজেপি। তাঁরা শাসকদল ঘেঁষা এবং সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই নির্দেশ দিচ্ছেন। এই ঘটনায় তোলপাড় গোটা ব্লক। দলীয় প্রার্থীদের অনুকূলে ভোট পড়ছে কিনা তা নিয়ে নিশ্চিত হতেই এই তালিবানি ফরমান বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে রিটার্নিং অফিসারদের নজরে আনা হয়েছে। তবে, ভোটদান কক্ষে মোবাইল নিয়ে যাওয়ার বিষয়ে নির্বাচনী বিধিতে কোনও নিষেধাজ্ঞা নেই। তাই ভোটারদের ভোটদান কক্ষে মোবাইল নিয়ে যাওয়ার বিষয়ে হস্তক্ষেপ করা হয়নি। এই সুযোগে বিজেপি দোদুল্যমান ভোটারদের জন্য ছবি তুলে আনার ফরমান জারি করেছে বলে শাসক দলের পক্ষ থেকে নালিশ করা হয়েছে।

Advertisement

গত এক বছরে খেজুরি-২ ব্লকে মোট তিনটি সমবায় সমিতির নির্বাচন হয়েছে। তাতে সবকটিতে জয়ী হয়েছে বিজেপি। লক্ষ্মণচক নিবেদিতা সমবায় সমিতি, খেজুরি সমবায় সমিতি এবং সাহেবনগর সমবায় সমিতির বোর্ড গঠন করেছে বিজেপি। তিন সমবায়ে হারের পর তৃণমূল নেতৃত্ব জানতে পারেন, ভোটদানের ছবি মোবাইলে তুলে প্রমাণ হিসেবে দেখানোর নির্দেশ দিয়েছিল বিজেপি। বিজেপির এই গোপন ফর্মুলা তাদের পরাজয় নিশ্চিত করেছিল। শনিবারের ভোটেও একই কৌশল নিচ্ছে বিজেপি।
কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের মোট আসন সংখ্যা ৭৮টি। কাঁথি এবং এগরা মহকুমার অন্তর্গত মোট ১৩টি ১৩টি ব্লক এক একটি নির্বাচন ক্ষেত্র। ভোটে মোট প্রার্থী সংখ্যা ১৩৮জন। তৃণমূল কংগ্রেস সবকটি আসনে প্রার্থী দিয়েছে। যদিও বিজেপির প্রার্থী সংখ্যা ৫৩ জন। পটাশপুর-১ ও ২ ব্লক এবং ভগবানপুর-২ ব্লকে বিজেপির কোনও প্রার্থী নেই। খেজুরি-১ ও ২, কাঁথি-১ ও ৩ এবং দেশপ্রাণ, এগরা-১ ও ২ নির্বাচন ক্ষেত্রে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হবে।
খেজুরি-২ ব্লকে গত এক বছরের মধ্যে তৃণমূল একটিও সমবায় ভোটে জিততে না পারায় বিজেপি এখানে বাড়তি অক্সিজেন নিয়ে লড়াইয়ে নেমেছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট দেওয়ার পর সেই ছবি তুলে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বুধবার কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের দুই অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার শঙ্কর প্রধান ও অমিয় হোতা সকল প্রার্থীকে নিয়ে মিটিং করেন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা নিয়ে এই মিটিংয়ে খেজুরি-২ব্লকে মোবাইলে ছবি তোলার প্রসঙ্গ ওঠে আসে। 
সমবায় ব্যাঙ্ক নির্বাচনের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার অমিয়বাবু বলেন, সাধারণ নির্বাচনেও ভোটদান কক্ষে মোবাইল নিষিদ্ধ নয়। যেকেউ মোবাইল নিয়ে সেখানে যেতে পারেন। সুতরাং আমরা ভোটদান কক্ষে মোবাইল নিষিদ্ধ করার মতো কোনও সিদ্ধান্ত নিইনি। তৃণমূল কংগ্রেসের খেজুরি-২ ব্লক সভাপতি সমুদ্ভব দাস বলেন, বিজেপির পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট দেওয়ার পর ছবি তুলে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা ভোটারদের কাছ থেকেই এই মর্মে তথ্য পাচ্ছি। একই বক্তব্য হলুদবাড়ি অঞ্চল তৃণমূল সভাপতি আলাপন দাসের। তিনি বলেন, এর আগে তিনটি সমবায়ে ওরা এই কৌশলই অবলম্বন করেছিল। বিজেপির খেজুরি-৩ মণ্ডল সভাপতি রাজীব সামন্ত বলেন, খেজুরি-২ ব্লকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও স্বজনপোষণে সাধারণ মানুষ বীতশ্রদ্ধ। ওদের ছুড়ে ফেলে দিয়েছে। এই ভোটেও ওরা দাঁড়াতেই পারবে না। সেজন্য আগেভাগে অজুহাত খাড়া করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ