Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘পশ্চিমবঙ্গে হিংসা ও চাপমুক্ত ভোট হবে’, আশ্বাস জ্ঞানেশ কুমারের

‘পশ্চিমবঙ্গে হিংসা ও চাপমুক্ত ভোট হবে’, আশ্বাস জ্ঞানেশ কুমারের
  • ১০ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে হিংসা ও চাপমুক্ত নির্বাচন হবে। মঙ্গলবার বেলুড়ে এ কথা জানালেন জ্ঞানেশ কুমার। এদিন বেলুড় মঠে যান ভারতের মুখ্য নির্বাচনী কমিশনার। মঠ থেকে বেরনোর সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের সমস্ত ভাইবোনকে নমস্কার। শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের তপভূমি বেলুড় মঠে এসে দেশের নির্বাচন কমিশন এটা জানাচ্ছে যে, রাজ্যের নির্বাচন হবে হিংসামুক্ত। রাজ্যের আইনশৃঙ্খলার উপরে নজর রাখবে কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করানোই আমাদের প্রধান লক্ষ্য।’ বেলুড় মঠ থেকে বেরিয়ে দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠেও যান জ্ঞানেশ কুমার। পুজো দেন মন্দিরে।

Advertisement

বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতে দু’দিনের সফরে রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জ্ঞানেশ কুমারের পাশাপাশি এসেছেন বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশি। ইতিমধ্যে ভোটমুখী আরও চারটি রাজ্যে ঘুরে এসেছেন তাঁরা। সোমবার সকালে কলকাতায় বাংলার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন কমিশনের সফররত সদস্যরা। আজ মুখ্যসচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। কথা বলবেন বিএলওদের সঙ্গেও। এর পরে উড়ে যাবেন দিল্লির উদ্দেশ্যে। তাঁরা রাজধানীতে ফিরে যাওয়ার পরে যে কোনও দিন নির্বাচনি নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে মনে করা হচ্ছে।
এদিকে, রাজ্যে ফের ‘গো ব্যাক’ শুনতে হল জ্ঞানেশ কুমারকে। গতকাল সকালেই কালীঘাট মন্দিরে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভ টের পেয়েছিলেন তিনি। তাঁকে দেখানো হয় কালো পতাকা। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আজও। সকালে দক্ষিণেশ্বরে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকা দেখান একদল মানুষ। দেওয়া হয় ‘গো ব্যাক’ শ্লোগান।

সম্পর্কিত সংবাদ