Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ নন্দীগ্রাম-রেজিনগরে ভোট

আজ, মঙ্গলবার রাজ্যের দুই বিধানসভা নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। সংখ্যাতত্ত্বের বিচারে এই ভোট ‘তাৎপর্যহীন’ হলেও গত কয়েকদিনের রাজনৈতিক উত্তাপে নন্দীগ্রাম কিন্তু শিরোনামেই।

আজ নন্দীগ্রাম-রেজিনগরে ভোট
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি: আজ, মঙ্গলবার রাজ্যের দুই বিধানসভা নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। সংখ্যাতত্ত্বের বিচারে এই ভোট ‘তাৎপর্যহীন’ হলেও গত কয়েকদিনের রাজনৈতিক উত্তাপে নন্দীগ্রাম কিন্তু শিরোনামেই। রেজিনগরেও ছড়িয়েছে সেই উত্তাপের আঁচ। বিশেষত নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে নিয়ে দিনের পর দিন যেভাবে আইনি লড়াই চলেছে, তাতে আলাদা মাত্রা যোগ করেছে এই ভোট। সোমবার অবশ্য যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছে সুপ্রিম কোর্ট। মিলনের অন্তর্বর্তী জামিন খারিজ করতে রাজ্যের মরিয়া চেষ্টা ব্যর্থ হয়েছে। আগামী ২১ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়ে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ জানিয়ে দিয়েছে, ‘ওঁকে ভোটে লড়তে দিন। ভালোভাবে ভোটটা হতে দিন। বুধবার ৭ অক্টোবর রাজ্যের আবেদন শুনব।’ 

Advertisement

যদিও বেঞ্চের আর এক বিচারপতি জয়মাল্য বাগচী মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। কারণ যে সময়ের মামলা, সেসময় তিনি আইনজীবী হিসাবে অভিযুক্তদের হয়ে সওয়াল করেছিলেন। তাই ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বা স্বার্থের সংঘাতের কথা মাথায় রেখে তিনি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। তবে মিলনের জামিন খারিজ প্রসঙ্গে রাজ্যের ভূমিকার সমালোচনা করে প্রধান বিচারপতি বলেছেন, ‘২০০৭ সালের মামলায় এখন কেন পুলিশ সক্রিয়? এতদিন কী করছিলেন?’ জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘মিলন প্রধানের মনোনয়নপত্র থেকে তাঁর বিরুদ্ধে থাকা জামিন অযোগ্য ধারায় মামলা কথা জানা গিয়েছে। তাই পুলিশ সক্রিয় হয়ে গ্রেপ্তার করেছে।’ এরপরই দ্রুত শুনানির আরজি জানান তিনি। যদিও শীর্ষ আদালত সেই আবেদন নাকচ করে দিয়েছে। 
আর এই আবহেই আজ, মঙ্গলবার সকাল ৭টা থেকে দুই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে। আগেই সব প্রস্তুতি সেরে ফেলেছে কমিশন। সোমবারই বুথে বুথে পৌঁছে গিয়েছেন ভোটকর্মী থেকে আধাসেনার জওয়ানরা। এরমধ্যেই আবার এদিন নন্দীগ্রাম থানার আইসি অজয়কুমার মিশ্রকে সরিয়ে দিয়েছে কমিশন। নন্দীগ্রামে মোট ৩২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটার ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন। ৭৯টি বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করে ৩৭ কোম্পানি আধাসেনা এবং ৭০০ রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। থাকছে ওয়েবকাস্টিং-সহ অন্য যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা। 
অন্যদিকে, রেজিনগরে ১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২ লক্ষ ৫৬ হাজার ভোটার। ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৮১৯ জন রাজ্য পুলিশের নিরাপত্তায় ৩১৫টি বুথে ভোটগ্রহণ হবে। এখানে সবমিলিয়ে ২২৯টি বুথকে সংবেদনশীল হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেই মতো নিরাপত্তা কর্মীদের তৈরি থাকতে বলা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ