Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কড়া নিরাপত্তায় মেলার মুডে ভোট বেহালায়, এলাকায় অলিখিত বন্‌ধ

রোদ থেকে বাঁচতে কোথাও ছাতা হাতে লম্বা লাইন। কোথাও ভোট কেন্দ্রের ঢিল ছোড়া দূরত্বে চায়ের ভাঁড় হাতে দাঁড়িয়ে বিভিন্ন প্রজন্মের ভোটারদের খাস গপ্পো। আরেক জায়গায় রাস্তায় আইস্ক্রিমের গাড়ি দাঁড় করিয়ে ভোটের লাইনে অপেক্ষমাণ প্রিয়জনের কাছে ঠান্ডা পৌঁছে দেওয়া।

কড়া নিরাপত্তায় মেলার মুডে ভোট বেহালায়, এলাকায় অলিখিত বন্‌ধ
  • ৩০ এপ্রিল, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রোদ থেকে বাঁচতে কোথাও ছাতা হাতে লম্বা লাইন। কোথাও ভোট কেন্দ্রের ঢিল ছোড়া দূরত্বে চায়ের ভাঁড় হাতে দাঁড়িয়ে বিভিন্ন প্রজন্মের ভোটারদের খাস গপ্পো। আরেক জায়গায় রাস্তায় আইস্ক্রিমের গাড়ি দাঁড় করিয়ে ভোটের লাইনে অপেক্ষমাণ প্রিয়জনের কাছে ঠান্ডা পৌঁছে দেওয়া। বুধবার সকাল থেকে বেহালা পূর্ব-পশ্চিম বিধানসভা কেন্দ্র ঘুরে এমনই চিত্র উঠে এল। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেহালায় বসেছিল অচেনা মেলা। ১৮ থেকে ৮০ বিভিন্ন বয়সি ভোটার তাতে শামিল হয়েছিলেন। ভোটে দিনে এই অজানা হাটে বেহালাবাসী রীতিমতো নিস্তরঙ্গ ভোটের সাক্ষী থাকলেন। উৎসবের মেজাজে সকাল থেকে বুথে বুথে মানুষের ঢল নেমেছিল। জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত চালু মেট্রো রুট সাধারণ কাজের দিনে যাত্রী শূন্যতায় ভোগে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা ভোটের দিনে আক্ষরিক অর্থেই ফাঁকা রেক যাতায়াত করল বেহালার এই মেট্রো করিডরে। ঘিঞ্জি বেহালার রাস্তাঘাটে খুব একটা গাড়ির দেখা মেলেনি। অলিখিত বনধের চেহারা নিয়েছিল শহরের এই অংশ। তবে স্থানীয় ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে উপচে পড়ছে মানুষেক ভিড়। ভোটদানের প্রবণতা দেখে অনেকে সাম্প্রতিক অতীতে এত শান্তিপূর্ণ ও সর্বাত্মক নির্বাচনের কথা মনে করতে পারছে না। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা কেন্দ্রগুলিতে চষে বেড়িয়েছেন। তবে নেতা-নেত্রীদের দাপাদাপির থেকেও চোখে পড়েছে কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশের অতি-সক্রিয়তা। চোখে পড়েনি বাইক বাহিনীর দাপট। উলটে উর্দিধারীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে চেয়েছেন, কোনো সমস্যা আছে কি না। একাধিক খালি গাড়ি চোখে পড়েছে, যার মাথায় ক্যামেরা বসানো। ৩৬০ ডিগ্রি কোণে চারপাশের ছবি তুলে তা ঝটতি পাঠিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমে। সেই ভিডিয়ো দেখে কমিশন কর্তারা তাজ্জব। এটা ভোট নাকি মেলা!

Advertisement
সম্পর্কিত সংবাদ