সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলায় ভোটার তালিকায় নাম সংযোজন,বিয়োজন নিয়ে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক করলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। মঙ্গলবার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে ওই বৈঠক হয়। ভোটার তালিকা সংযোজন ও বিয়োজনে প্রতিটি এলাকায় বুথ লেভেল অফিসার (বিএলও) রয়েছেন। তাঁদের সঙ্গে রাজনৈতিক দলের এজেন্টদের এই কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন জেলাশাসক তথা জেলার নির্বাচন আধিকারিক। তবে ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে ভোটার তালিকায় বহু গরমিলের চিত্র উঠে এসেছে। তা রুখতেও নতুনভাবে কাজ করতে চাইছে প্রশাসন। তবে জেলাশাসকের দাবি, ভোটার তালিকার গরমিলের সঙ্গে এদিনের বৈঠকের কোনও যোগ নেই। জেলাশাসক বলেন, প্রতি বছর ভোটার তালিকার সংযোজন ও বিয়োজনের কাজ হয়। সেই কাজে প্রত্যেকবার সমস্ত রাজনৈতিক দলকে ডেকে বৈঠক করা হয়। এবছর ইলেকশন কমিশনের নির্দেশ ছিল এই বৈঠক করার। আমাদের তরফে বুথ লেভেল অফিসার রয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলের তরফে বুথ লেভেল এজেন্টদের নিযুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। তাহলে ভোটার তালিকা সংযোজন ও বিয়োজনের কাজটি আরও স্বচ্ছভাবে হবে।



