নয়াদিল্লি: বাতিল হতে চলেছে ‘আধার লিংকড পেমেন্ট’ ব্যবস্থা। তার পরিবর্তে এবার লাগবে এপিক বা ভোটার কার্ডের নম্বর। সঙ্গে বায়োমেট্রিক অথেন্টিকেশন। পঞ্চায়েত স্তরে সরকারি প্রকল্পের সুবিধা ও টাকা পেতে এবার নতুন বিধি চালুর কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজমন্ত্রী রাজীবরঞ্জন সিং। এর প্রতিবাদে কেন্দ্রের দ্বারস্থ হল সিটিজেন্স ফর ফ্রেটারনিটি ফোরাম (সিএফএফ-ভারত) নামে একটি সংগঠন। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ভোটার কার্ড বাধ্যতামূলক না করার জন্য আবেদন জানিয়েছে তারা। দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য জামিরউদ্দিন শাহ, প্রাক্তন কূটনীতিক অশোককুমার শর্মা সহ একাধিক ব্যক্তির স্বাক্ষরিত একটি চিঠি কেন্দ্রকে পাঠিয়েছে সিএফএফ-ভারত। তাতে বলা হয়েছে, ‘ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত না হওয়া বা বায়োমেট্রিক যাচাই না হওয়ার কারণে কোনো বৈধ নাগরিককে সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা উচিত নয়। সরকারি সুবিধার পাওয়ার জন্য অবশ্যই কিছু মানদণ্ড থাকা উচিত। বয়স্ক ব্যক্তি, মহিলা, বিশেষভাবে সক্ষম, পরিযায়ী শ্রমিকদের শনাক্ত করার জন্য সহজলভ্য বিকল্প থাকা উচিত।’ সংগঠনটির তরফে বলা হয়েছে, সরকারি সুবিধা পাওয়ার শর্ত হিসাবে ভোটার তালিকায় নাম থাকার বিষয়টি যাতে চাপিয়ে না দেওয়া হয়, তা কেন্দ্রকে নিশ্চিত করতে হবে। যোগ্য সুবিধাভোগীরা যাতে কোনোভাবেই বাদ না পড়েন, তা নিশ্চিত করতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।



