ইজরায়েলেও ভোট চুরি, সরব বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেল আভিভ: অধিকাংশ গণনাকেন্দ্রে প্রায় ৮৬ শতাংশ ভোট গণনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কোনো দল বা জোট এখনও ম্যাজিক ফিগার ‘৬১’ স্পর্শ করতে পারেনি। এরইমধ্যে ভোটচুরির অভিযোগ আনলেন বিদায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর অভিযোগ, ভোটারদের ঘুষ দিয়ে প্রভাবিত করার পাশাপাশি ভোট ‘লুট’ করেছে আরব দলগুলি। ঘুষের সেই টাকা দিয়েছে বিভিন্ন বিদেশি সংস্থা। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘বিদেশি শক্তিরা যাতে নেসেটের ক্ষমতায় বসতে পারে তা নিশ্চিত করতেই এই ষড়যন্ত্র। দক্ষিণপন্থীদের সরিয়ে ইজরায়েলে ইসলামি শাসন কায়েম করার চেষ্টা চলছে। সেটা করতে পারলেই ইরান সহ বিভিন্ন অঞ্চল থেকে পিছু হটবে আইডিএফ।’ নেতানিয়াহুর লিকুদ জোটের সন্দেহ, কাতার ও তুরস্ক ইজরায়েলের আরব জনবসতিপূর্ণ অঞ্চলগুলিতে এই কাজ করেছে। বেশকিছু গণনাকেন্দ্রে ভোটারদের রীতিমতো ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ঘুষ দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশের চিফ ডেপুটি কমিশনার ড্যানি লেভির কথায়, ‘নির্বাচনের শুদ্ধতা নিয়ে যাবতীয় অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে। কাউকে গণতন্ত্র ও ভোট প্রক্রিয়াকে কালিমালিপ্ত করতে দেব না।’ স্থানীয় গোয়েন্দা সংস্থা ‘শিন বেট’কে এবিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান নোয়াম শোলবার্গ। শিন বেটের প্রধান ডেভিড জিনিকে চিঠি দিয়েছেন তিনি। শোলবার্গের কথায়, ‘নির্বাচনে প্রভাব খাটানোর মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। বিদেশি সংস্থার টাকায় এই কাজ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই কাজ ইজরায়েলের স্বার্থের পরিপন্থী। অভিযোগের সত্যতা নিয়ে এখনই মন্তব্য করতে পারব না। তবে যেহেতু বিদেশি সংস্থার কথা উঠেছে তাই তদন্ত করতেই হবে।’

Advertisement