করাচি, ২৯ অক্টোবর: পাকিস্তানে আটক ৬ ভারতীয় নাবিক। ইরানের শিপিং কোম্পানি ও বন্দর কর্তৃপক্ষের বিবাদের জেরে করাচি বন্দরে আটক করা হয় জাহাজটি। দীর্ঘ সাত মাস ধরে নাবিকরা করাচিতে আটকে রয়েছেন। চিন্তায় রয়েছে তাঁদের পরিবার। নাবিকদের ফেরানোর জন্য তাঁরা সরকারের হস্তক্ষেপ চান।
আটক নাবিকদের মধ্যে একজনের নাম বিনীত কিশোর মিশ্র। তিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। তিনি দীর্ঘ এক দশক ধরে মার্চেন্ট নেভিতে কর্মরত রয়েছেন। তাঁর পরিবারের দাবি, প্রায় সাত মাস ধরে তাঁরা জাহাজে আটকে আছেন। ২৫ ফেব্রুয়ারী নাবিকরা ওমান থেকে যাত্রা শুরু করে। তারপর ১৭ এপ্রিল তাঁরা করাচি বন্দরে এসে পৌঁছয়। সেখানেই ওই কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের ঝামেলার জেরে সব নাবিকরা আটকে পড়েন। জাহাজে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নেই, নেটওয়ার্কও নেই, ১৫ দিনে একবার কথা বলার সুযোগ হয়। ওদের পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রনালয়ের কাছে হস্তক্ষেপের আবেদন করেছেন।
নাবিকরা কবে বাড়ি ফিরতে পারবেন এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তাঁদের তাড়াতাড়ি বাড়ি ফেরার আশায় রয়েছে। দ্রুত সরকারের পদক্ষেপের আশা করছে পরিবার।



