


সমীর সাহা, নবদ্বীপ: দ্বিতীয় দফায় দক্ষিণ বঙ্গে ভোটের আগে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন বীরভূমের সাংসদ সদস্য শতাব্দী রায়। বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ বিধানসভার মহিশুড়া উত্তরপাড়ার খড়ের মাঠে তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে আয়োজিত এক সভায় সাংসদ সাফ জানান, মানুষের এত উচ্ছ্বাস, ভালোবাসা দেখছি সুতরাং তৃণমূল জিতবে। তৃণমূলের প্রতি, অভিষেকের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা ভালবাসা অটুট আছে। আর ধর্মের ভিত্তিতে কাউকে ভোট দেবেন না। কাজ দেখে ভোট দিন। আমাদের মুখ্যমন্ত্রী কোনো ধর্ম দেখে কাজ করেন না। এবার নির্বাচনে জিতে তৃণমূল আবার সরকার আবার গঠন করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ বিধানসভার দলীয় প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী সভায় যোগ দেন শতাব্দী। তাঁর সঙ্গে ছিলেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান তথা রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমানকৃষ্ণ সাহা সহ অন্যান্যরা। মহিশুড়া উত্তর পাড়া খড়ের মাঠের সভা করে আনন্দবাসের আর একটি সভায় পৌঁছান শতাব্দী।
এদিন জনসভা শুরুর আগে সাঁওতালি নৃত্য, ঢাক সহ এক বর্ণাঢ্য মিছিল ঘোষপাড়া থেকে সভাস্থলে আসে। তৃণমূলের মিটিং এবং শতাব্দীকে দেখতে ভিড় উপচে পড়েছিল এদিন। জনপ্রিয় অভিনেত্রী তথা সংসদকে ঘিরে সমস্ত স্তরের মানুষের মধ্যে উচ্ছ্বাস ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। নবদ্বীপ বিধানসভায় ষষ্ঠ বারের জন্য প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহাকে জয়ী করতে আহ্বান জানান শতাব্দী। তিনি বলেন, ধর্মের জন্য কাউকে ভোট দেবেন না। ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যদি আপনি মুসলিম হন, আপনি নামাজ পড়েন। আপনার ধর্ম আপনার কাছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন তখন ধর্ম দেখে কাজ করছেন না। আপনি যদি হিন্দু হন মন্দিরে যান পুজো করেন সেটা আপনার ধর্ম। আপনার ধর্ম রক্ষা করার জন্য কোনো মন্ত্রী কোনো নেতাকে দরকার হয় না। ভোট দিন কাজ দেখে।
তিনি আরও বলেন, বিজেপি সরকার আমাদের সঙ্গে কী কী করেছে ভাবুন। এসআইআরে বাদ যাওয়া যত নাম ভোটার তালিকায় ফের উঠেছে তা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যাযয়ের জন্য। আর একটা দলের নাম বলুন আর একটা মুখ্যমন্ত্রীর নাম বলুন যিনি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছেন।
মহিশুড়া বাসিন্দা বাচ্চু শেখ বলেন, আমি জন্ম থেকেই প্রতিবন্ধী। দু’টি পায়ে জোর পাই না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রতিবন্ধী ভাতা দিয়েছেন। সেই ভাতার টাকা পেয়ে কোনো রকমে খেয়েপড়ে বেঁচে আছে। তৃণমূলের মিটিং আছে শুনেই চলে এসেছি। আমি চাই মমতাদি আবার মুখ্যমন্ত্রী হন। তাহলে আমি আগামী দিন ব্যাটারির গাড়ি পাব।