বিশ্বভারতীর বর্জ্য ব্যবস্থাপনায়  পুরসভা, জানুয়ারিতে সংগ্রহ
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতীর কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অবশেষে তৎপরতা শুরু। শান্তিনিকেতন ও শ্রীনিকেতন ক্যাম্পাসের বর্জ্য সংগ্রহ ও নিষ্কাশনের দায়িত্ব নিতে চলেছে বোলপুর পুরসভা। আগামী জানুয়ারি থেকেই ডোর টু ডোর বর্জ্য সংগ্রহের কাজ শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ, বোলপুর পুরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক হয়। সেই বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনার নতুন রূপরেখা এবং খরচা নিয়ে আলোচনা হয়। 

Advertisement

এদিনের বৈঠকে বিশ্বভারতীর কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, সুডার আধিকারিক অমিতাভ দাস, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আধিকারিক রাজীব সাধু, বোলপুর পুরসভার পুর প্রশাসক বিকাশ নস্কর, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং আইআইটি খড়্গপুর ও কলকাতা পুরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জন সংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। পুরসভার সঙ্গে যৌথভাবে কাজের প্রস্তাব দেওয়া হয়েছে। পুরসভাও তাতে সম্মতি জানিয়েছে। কয়েকটি বিষয়ে আলোচনা বাকি রয়েছে। সেগুলি চূড়ান্ত হয়ে গেলেই কাজ শুরু হবে। 
বোলপুর পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগে রাজ্য নগরোন্নয়ন সংস্থা (সুডা) ও পুরসভার উদ্যোগে বিশ্বভারতী ক্যাম্পাসে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সমীক্ষা হয়েছিল। সেই সমীক্ষার ভিত্তিতে মাসিক ৬ লাখ ৮২ হাজার টাকার একটি আনুমানিক বাজেট তৈরি করে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হয়। এর মধ্যে সাফাইকর্মী, গাড়ি ও জ্বালানির খরচাও ধরা হয়েছিল। তবে ওই খরচে রাজি হয়নি বিশ্বভারতী। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই বর্জ্য সংগ্রহের কাজ শুরু করে। অন্যদিকে, শুধুমাত্র ক্যাম্পাস থেকে আবর্জনা সংগ্রহ ও সরিয়ে ফেলার জন্য মাসে প্রায় ৬০ হাজার টাকার একটি প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু বর্জ্যের পরিমাণ প্রত্যাশার তুলনায় কম হওয়ায় সেই খরচ নিয়েও ওঠে আপত্তি। সম্প্রতি রাজ্যে পালাবদলের পর ফের বোলপুর পুরসভার সঙ্গে যৌথভাবে কাজের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বভারতী। পুরসভার কাছে আগের ৬ লক্ষ ৮২ হাজার টাকার বাজেটের অর্ধেক খরচে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিনের বৈঠকে সেই বিষয়েও হয় আলোচনা।  বোলপুর পুরসভার পুর প্রশাসক বিকাশ নস্কর জানান, জানুয়ারি থেকেই বিশ্বভারতী ক্যাম্পাসে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। ডিসেম্বর মাসের মধ্যেই সম্পূর্ণ রুট ম্যাপ তৈরি হবে। অন্যদিকে, ক্যাম্পাসে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার পরিকাঠামো গড়ে তুলতে একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরি করেছে আইআইটি খড়্গপুর। পলিথিন ও অন্য বর্জ্যের ব্যবস্থাপনা নিয়েও তাতে রয়েছে প্রস্তাব। 
এদিন বৈঠকে আইআইটি খড়্গপুরের প্রতিনিধিরা সেই রিপোর্টের প্রাথমিক রূপরেখা তুলে ধরেন। বিশ্বভারতী কর্তৃপক্ষের সম্মতি মিললেই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বিশ্বভারতীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই জাতীয় পরিবেশ আদালতে মামলা চলছে। পরিবেশবিদ সুভাষ দত্ত এই বিষয়ে মামলা করার পাশাপাশি বিশ্বভারতীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সরব হয়েছেন।