বিশ্বভারতীর অধ্যাপক সাসপেন্ড,  প্রতিবাদ ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: অর্থনীতি বিভাগের সিনিয়র অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। গত মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশ জারি করেন উপাচার্য। অক্টোবর মাসে তাঁকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল। নভেম্বরের প্রথমে তার জবাব দেন অধ্যাপক। তবে সেই জবাব সন্তোষজনক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রক্রিয়া চলার কথা মাথায় রেখেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে নির্দেশে উল্লেখ রয়েছে। সাসপেনশন চলাকালীন তিনি নিয়ম অনুযায়ী নির্ধারিত অর্থ পাবেন। পাশাপাশি, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় ছেড়ে যেতে পারবেন না। এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার ই মেইল মারফত সরব হয়েছে বিশ্বভারতী ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন। সংগঠনের অভিযোগ, সুদীপ্ত ভট্টাচার্যকে প্রতিহিংসাবশত সাসপেন্ড করা হয়েছে। অবিলম্বে নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। এই নিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ কোনো মন্তব্য করতে চাননি।

Advertisement

সংগঠন সূত্রে জানা গিয়েছে, এই শিক্ষক সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক সুদীপ্ত ভট্টাচার্য বর্তমানে সংগঠনের কার্যনির্বাহী সমিতির সদস্য। সংগঠনের দাবি, একটি সম্পাদকীয় কমিটি থেকে পদত্যাগ করার পর তিনি ই মেলে সেই চিঠির প্রতিলিপি কমিটির কয়েকজন সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঠিয়েছিলেন। এই ঘটনাকেই অসদাচরণ হিসেবে দেখছে প্রশাসন। শিক্ষক সংগঠনের আরও উল্লেখ করেছে, তাঁর পদত্যাগপত্র আগেই প্রশাসন গ্রহণ করেছিল। নতুন চেয়ারপার্সন নিয়োগের পাশাপাশি দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াও সম্পন্ন হয়। এরপর কয়েক সপ্তাহ বাদে ওই ই মেইল পাঠানোকে কেন্দ্র করে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে। সংগঠনের অভিযোগ, ভিন্নমত পোষণকারী শিক্ষকদের ভয় দেখাতেই এই সিদ্ধান্ত। এছাড়া আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক সংগঠনের দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরং শিক্ষকদের প্রতিবাদের জবাবে শাস্তিমূলক পদক্ষেপ করা হচ্ছে। অবসরের মুখে থাকা সুদীপ্ত ভট্টাচার্যের সাসপেনশনের ফলে তাঁর অবসরকালীন সুযোগ-সুবিধা ও প্রাপ্য অর্থ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে সংগঠন। বিশ্বভারতীর শিক্ষাগত পরিকাঠামো ও র‍্যাঙ্কিং নিয়েও প্রশাসনকে আক্রমণ করেছে শিক্ষক সংগঠনটি। তাদের দাবি, কিউএস এশিয়ান ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ২০২৫ সালে ৮০১-৮৫০-এর মধ্যে থাকা বিশ্বভারতী ২০২৬ সালে নেমে এসেছে ৯৫১-১০০০-এর মধ্যে। অথচ পড়াশোনা ও গবেষণার পরিকাঠামো উন্নয়নের বদলে প্রবেশদ্বার, প্রাচীর ও নজরদারি ক্যামেরা বসানোর দিকেই প্রশাসনের বেশি গুরুত্ব দেখা যাচ্ছে। অবিলম্বে সাসপেনশনের নির্দেশ প্রত্যাহার এবং শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছে শিক্ষক সংগঠন। সংগঠনের হুঁশিয়ারি, শিক্ষকদের হেনস্তা ও ভিন্নমত দমনের চেষ্টা হলে প্রতিবাদ চলবে।  সাসপেন্ড হওয়া অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য।-ফাইল ছবি