৬৫টি আদর্শ গ্রাম গড়ার পরিকল্পনা বিশ্বভারতীর
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাম পুনর্গঠনের ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ৬৫টি গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে তারা। দু’দিন ধরে বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে গ্রাম পুনর্গঠন কর্মসূচির উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক হল। উপাচার্য প্রবীরকুমার ঘোষের উদ্যোগে এই কমিটি গঠন করা হয়েছে। গ্রামগুলির সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা তৈরি এবং কর্মসূচির বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ দেবে এই কমিটি। উল্লেখ্য, ১৯২২সালে সুরুলকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম পুনর্গঠনের কাজ শুরু করেছিলেন। গ্রামের মানুষকে স্বনির্ভর করে তোলা এবং গ্রামীণ অর্থনীতি ও জীবনযাত্রার উন্নয়ন ছিল তাঁর মূল লক্ষ্য। সেই ভাবনাকে বর্তমান সময়ের চাহিদার সঙ্গে যুক্ত করেই ৬৫টি গ্রামকে আদর্শ হিসেবে গড়ে তোলা হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারপার্সন তথা ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর পুরঞ্জন দাস, আইসিএআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফার্মিং সিস্টেমস রিসার্চের অধিকর্তা সুনীল কুমার ও বিশ্বভারতীর গ্রাম পুনর্গঠন বিভাগের অধিকর্তা অমিতকুমার হাজরা সহ বিশিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের দত্তক নেওয়া ৬৫টি গ্রাম আদর্শ গ্রাম হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষা, ক্রীড়া ও স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ। গ্রামগুলির উন্নয়নে রাষ্ট্রপুঞ্জের নির্ধারিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রাখা হচ্ছে। এই কর্মসূচি বাস্তবায়নে বিশ্বভারতীর শিক্ষকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তাঁদের কাজের দিশা দেখাবে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত উপদেষ্টা কমিটি। 

Advertisement

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, এটি অত্যন্ত ভাল উদ্যোগ। রবীন্দ্রনাথ ঠাকুরও মনে করতেন, গ্রামকে পুনর্গঠন করতে পারলেই দেশের প্রকৃত উন্নতি সম্ভব। দত্তক নেওয়া গ্রামগুলির উন্নয়নে বিশেষ নজর দেওয়া হচ্ছে।