পৌষমেলায় নিরাপত্তা ও অনুষ্ঠান নিয়ে বৈঠক বিশ্বভারতীর
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: পৌষমেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে নিরাপত্তা ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন নিয়ে বিশেষ নজর দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। উপাসনা ও অন্যান্য অনুষ্ঠানে নিরাপত্তায় পুলিশ মোতায়েনের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হবে বলে ঠিক হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সেন্ট্রাল লাইব্রেরির কনফারেন্স হলে কর্মীমণ্ডলী ও বিভিন্ন কমিটির সদস্যদের নিয়ে অভ্যন্তরীণ বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ, কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, এটি একেবারেই অভ্যন্তরীণ বৈঠক ছিল। পৌষ উৎসব সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। আবারও বৈঠক হবে।

Advertisement

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, পৌষ উৎসবের বিভিন্ন অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মীমণ্ডলী উৎসবের একাধিক অনুষ্ঠানের দায়িত্বে থাকে। সেই অনুষ্ঠানগুলির আয়োজন ও পরিচালনার দায়িত্ব ভাগ করে দেওয়া নিয়েও আলোচনা হয়। সূত্রের খবর, আগামী ৭পৌষ সকালে পৌষ উৎসবের সূচনায় উপাসনা সহ অন্যান্য অনুষ্ঠানে নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ওইসময় পুলিশ মোতায়েনের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানোর বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বভারতীর গার্ডেন বিভাগ এবং নিজস্ব নিরাপত্তারক্ষীদের নিয়েও অভ্যন্তরীণ আলোচনা হয়।
উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে পৌষমেলা আয়োজনে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মেলা শেষে ৪৮ঘণ্টার মধ্যে পূর্বপল্লির মাঠ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তও রাখা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হস্তশিল্পীদের বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পূর্বপল্লির মাঠে মেলা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আগামী ১৫নভেম্বর থেকে অনলাইনে স্টল বুকিং শুরু হবে।