সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতনের হেরিটেজ কোর জোন সংলগ্ন এলাকায় রেস্তরাঁ নির্মাণে বোলপুর পুরসভা কীভাবে অনুমতি দেয়, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল বিশ্বভারতী। এর উত্তর চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরসভাকে চিঠিও লিখেছিল। কিন্তু কোনও সদুত্তর না দেওয়ায় পুরসভার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা ঠুকল বিশ্বভারতী। বিষয়টি জানাজানি হতেই সরগরম বোলপুর শহর। সেই আবহে আজ, বৃহস্পতিবার ওই বেসরকারি রেস্তরাঁর মাপজোখ করার সিদ্ধান্ত নিল পুরসভা। পুরসভার ইঞ্জিনিয়ারিং ও আমিনদের ওই দলে মোট ১০ জন আধিকারিক থাকবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, হেরিটেজ কোর জোন সংলগ্ন এলাকায় বেসরকারি রেস্তরাঁর নির্মাণ কাজ ঘিরে যাবতীয় বিতর্কের সূত্রপাত। মূলত, রেস্তরাঁটির তিনদিকেই বিশ্বভারতীর জায়গা। স্বভাবতই, নিজেদের সীমানায় পাঁচিল তোলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাতেই যাতায়াত অবরুদ্ধ হওয়ার আশঙ্কায় বিশ্বভারতীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন নির্মীয়মান রেস্তরাঁর মালিক। তিনি বিশ্বভারতী, পুরসভা, শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পরিষদ (এসএসডিএ), শান্তিনিকেতন থানা সহ আরও অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তারই পাল্টা পদক্ষেপ হিসাবে বোলপুর পুরসভা রেস্তরাঁ তৈরির আদৌ কোনও অনুমতি দিয়েছে কি না, সেই প্রশ্ন তোলে বিশ্বভারতী। এর উত্তর চেয়ে পুরসভা এবং এসএসডিএ-কে চিঠিও লিখেছিল বিশ্ববিদ্যালয়। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও বিশ্বভারতীকে পুরসভা চিঠির কোনও উত্তর দেয়নি বলে অভিযোগ। তাই মামলার পথে হাঁটল বিশ্বভারতী। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানিয়েছেন।



