Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিষ্ণুর হ্যাটট্রিক, সহজ জয় ইস্ট বেঙ্গলের

বিষ্ণুর হ্যাটট্রিক, সহজ জয় ইস্ট বেঙ্গলের
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইস্ট বেঙ্গল-৫                       :                  বিএমএসএ-১

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গলে বিষ্ণু সহায়। দক্ষিণী উইঙ্গারের হ্যাটট্রিকে ভর ফের বড়ো জয় ছিনিয়ে নিল মশাল বাহিনী। বুধবার ঘরের মাঠে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিল বিনো জর্জ ব্রিগেড। বিষ্ণুর লক্ষ্যভেদ ছাড়াও স্কোরশিটে নাম তুলেছেন জেসিন টিকে ও বিজয় মুর্মু । প্রতিপক্ষের একমাত্র গোলদাতা সুমিত মজুমদার। এদিন বিষ্ণুর সেটপিস থেকে করা গোলটি চলতি লিগে অন্যতম সেরা। তিনি ছাড়াও দুরন্ত ছন্দ মেলে ধরলেন জেসিন। উল্লেধ্য, প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে ঘরোয়া লিগে যাত্রা শুরু করে লাল-হলুদ ব্রিগেড।
তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের উপর এদিন শুরু থেকেই আক্রমণের বুলডোজার চালায় ইস্ট বেঙ্গল। প্রত্যাশিত গোলটি আসে ১০ মিনিটে। জেসিনের হিল করা বলে পিছন থেকে এসে বাঁ পায়ের প্লেসিংয়ে বল জালে জড়ান বিষ্ণু (১-০)। তবে সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি। ১৪ মিনিটে হেডে জাল কাঁপিয়ে বিধাননগরকে সমতায় ফেরান সুমিত (১-১)। এরপর ২৫ মিনিটে বিষ্ণুর ফ্রি-কিক। বাঁ পায়ের বাঁক খাওয়ানো শট জালে আছড়ে পড়ে (২-১)। ৪৫ মিনিটে জেসিনের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। তবে বিধাননগরের বিষ্ণু মুর্মুর পায়ে লেগে জালে জড়ায় বল। বিরতির আগেই সংযোজিত সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বিষ্ণু (৪-১)। ৮১ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন বিজয় (৫-১)।  

Advertisement
সম্পর্কিত সংবাদ