নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শত্রুতা শেষ। এবার বন্ধুত্ব। ৫ বছর বন্ধ থাকার পর আবার চীনের নাগরিকদের জন্য ভারতের ভিসার দরজা খুলে দেওয়া হচ্ছে। কথা ছিল চীনের পণ্য বয়কট করা হবে চিরতরে। বাস্তবে চীন থেকে আমদানির হার বিগত ৫ বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। পৌঁছেছে ১২ হাজার ৬০০ কোটি ডলারে। বিগত আর্থিক বছরে চীন ও ভারতের বাণিজ্য ঘাটতি প্রায় ১০ হাজার কোটি ডলার। অর্থাৎ, চীন ভারত থেকে নামমাত্র পণ্য আমদানি করছে। ভারত সেই তুলনায় বিপুল পণ্য আমদানি করে। ২০২০ সালে ভারতের মাটিতে প্রবেশ করেছিল চীন। লাদাখে যা নিয়ে তুমুল সংঘাত হয়েছে। অপারেশন সিন্দুরের সময় চীন প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়ায়। চীনে বিগত পাঁচ বছরে কোনও উচ্চপর্যায়ের সফর হয়নি। সদ্য সেই বরফ গলেছে। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রী স্তরের সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সব দূরত্ব ভুলে মৈত্রীর আহ্বানে দুই দেশকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন। এবার আরও একধাপ এগিয়ে আজ ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে চীনের নাগরিকদের ভিসা প্রদান। পাঁচ বছর বন্ধ থাকার পর নাগরিকদের যাতায়াতের উপর থাকা প্রতিবন্ধকতা উঠে গেল। সাংস্কৃতিক আদানপ্রদানও শুরু হবে।



