আল আমেরাত: পাকিস্তানের কাছে পরাজয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল ভারতের যুব দল। মঙ্গলবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ এ’র ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এল ৭০ রানে জয়। দুরন্ত শতরানে জয়ের নায়ক বীরেন্দ্র সেওয়াগের পুত্র আর্যবীর (১৬০)। ৫০ ওভারে ৩১০ রানের টার্গেট তাড়া করে আমিরশাহির সংগ্রহ ২৩৯। জয়ের সুবাদে সেমি-ফাইনালে উঠল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার শেষ চারের মাচে বিপক্ষ আফগানিস্তান।
এদিন জিততেই হবে পরিস্থিতিতে নেমেছিল টিম ইন্ডিয়া। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে মন্থর ছিলেন আর্যবীর। অসমান বাউন্স ছিল বাইশ গজে। তাই তাড়াহুড়ো করেননি তিনি। খাতা খুলতে নেন ১৪ বল। তাঁর প্রথম স্কোরিং শটই বাউন্ডারি। পঞ্চাশ করতে নেন ৬৯ ডেলিভারি। শতরান আসে ১৩১ বলে। এরপর বোলারদের শাসন করতে শুরু করেন তিনি। পরের পঞ্চাশ আসে ঝড়ের গতিতে। ছক্কা মেরে পূর্ণ করেন দেড়শো। ১৬৮ বলে তাঁর ১৬০ রানের ইনিংস সাজানো ১৭টি চার ও ৭টি ছক্কায়। তাৎপর্যের হল, আর্যবীরের ডটবলের সংখ্যা ৯৭। অর্থাৎ, প্রয়োজনে ক্রিজে টিকে থাকতে পারেন তিনি। আর্যবীরের কথায়, ‘আমি শুধু বাবার মতো মারতে চাই না, বিরাট কোহলিও হতে চাই। কারণ আমি ভিকে’র মস্ত বড়ো ফ্যান।’ এশিয়া কাপের চলতি আসরে তাঁর ১৬০ কোনো ব্যাটারের সর্বাধিক রান। যুব একদিনের ম্যাচে এর আগে শুভমান গিল ও মায়াঙ্ক আগরওয়াল ১৬০ করেছিলেন। অম্বাতি রায়াডুর ১৭৭ রানের ভারতীয় রেকর্ড ভাঙার সম্ভাবনা জাগিয়েছিলেন আর্যবীর। কিন্তু তা পারেননি।
প্রথম উইকেটে ক্যাপ্টেন লক্ষ্য রায়চন্দানির সঙ্গে ৬২ রান যোগ করেন তিনি। লক্ষ্য (১৭) ফেরার পর দ্বিতীয় উইকেটে ভিনীতের (৬৭) সঙ্গে ওঠে ১৯৩। ৪৫তম ওভারে ফেরেন আর্যবীর। অর্জুন রাজপুত (৪), যশবর্ধন চৌহান (১৭), অন্বয় দ্রাবিড় (১২), মানাল চৌহান (১) অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকেননি। এরপর রান তাড়া করতে নেমে আফগানরা কখনোই স্বস্তিতে ছিল না। আহমেদ খুদাদাদ (৭৪) ছাড়া কেউই লড়তে পারেননি। ভারতের সফলতম বোলার ঈশান সুদ (৪-৩৭)।



