হ্যামিলটন: আশঙ্কাই সত্যি হল! বৃষ্টিতে ভেসে গেল ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচ। মঙ্গলবার সিডন পার্কে একটি বলও হল না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে আপাতত ২-০ এগিয়ে রয়েছে ভারত। সফরকারী দল কোনোভাবেই হারবে না সিরিজ। শুক্রবার ও রবিবার মাউন্ট মাউনগানুইয়ে শেষ দুই একদিনের ম্যাচ জিতলে কিউয়িরা বড়ো জোর সমতা ফেরাতে পারবে। এর আগে ঘরের মাঠে টানা ১১টি ওডিআই সিরিজ জিতেছিল ব্ল্যাক ক্যাপসরা। সেই ধারাতেও পড়ল দাঁড়ি। অন্যদিকে, টি-২০ সিরিজ ৩-২ ব্যবধানে আগেই জিতেছে ভারত। এবার ওডিআই সিরিজও হারছে না টিম ইন্ডিয়া।
এদিন দুপুরে শুরু হওয়া বৃষ্টি অবশ্য একসময় থেমেছিল। ঠিক হয় ৪০ ওভার করে খেলবে উভয় দল। টসে যথারীতি ‘টেল’ হেঁকে বাজিমাত করেন গিল। ফিল্ডিংয়ের সিদ্ধান্তও নেন। উল্লেখ্য, এই সফরে টি-২০ এবং একদিনের সিরিজে মিলিয়ে আটবারের মধ্যে সাতবারই টস জিতেছে ভারত। আর প্রতিবারই পড়েছে ‘টেল’! প্রথম এগারোয় কোনো বদল হয়নি বলে জানান গিল। নিউজিল্যান্ড দলে অবশ্য টিকনারের পরিবর্তে আসেন ফিশার। কিন্তু দুই ক্যাপ্টেন মাঠ থেকে বেরনোর আগেই ফের নামে বৃষ্টি। যা আর থামেনি। ফলে বঞ্চিত হলেন ক্রিকেটপ্রেমীরা। এমনিতেই রোহিত শর্মা ও বিরাট কোহলি দেশের হয়ে খেলেন শুধু পঞ্চাশ ওভারের ফরম্যাটেই। বৃষ্টিতে ম্যাচ ধুয়ে যাওয়া সেজন্যই হতাশাজনক। সূচি তৈরির সময় কেন আবহাওয়ার পূর্বাভাসকে গুরুত্ব দেওয়া হয় না, এই প্রশ্নও উঠছে।
টেস্টের প্রস্তুতির জন্য সিরিজের শেষ দুই একদিনের ম্যাচে খেলবেন না শুভমান গিল, লোকেশ রাহুল, অংশুল কম্বোজরা। পরিবর্তে দলে আসছেন তিলক ভার্মা, যশ ঠাকুর ও কুমার কুশাগ্র। গিলের পরিবর্তে এই দু’ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার। তাঁর ডেপুটি ঈশান কিষান। ফলে, পরের দুই ম্যাচে ঈশান খেলছেনই। নিউজিল্যান্ড স্কোয়াডেও ঘটছে রদবদল। ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, হেনরি নিকলস, টম লাথাম, নাথান স্মিথরা শুরু করবেন লাল বলে প্রস্তুতি।
এদিকে, সিরিজের প্রথম দুই একদিনের ম্যাচে নজর কেড়ে নেওয়া কম্বোজ বেশ খুশি। নিউজিল্যান্ডে বোলিং উপভোগ করছেন তিনি। কিউয়ি কন্ডিশনের সঙ্গে শীতের হরিয়ানার মিল খুঁজে পাচ্ছেন তিনি। ২৫ বছর বয়সি কম্বোজের কথায়, ‘১৩ বছর বয়স থেকে খেলছি। এখানের আবহাওয়া ও পিচের সঙ্গে হরিয়ানার সাদৃশ্য রয়েছে। সফল হওয়ার জন্য দরকার নিখুঁত নিশানায় বল করা। সঠিক লাইন-লেংথ সেজন্য জরুরি।’



