নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয়ে স্যাফ কাপের অভিযান শুরু করে ভারত। বুধবার গ্রুপের পরের ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সুহেল ভাটদের প্রতিপক্ষ মালদ্বীপ। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩ গোলে বশ মানে তারা। ফলে বুধবার ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করবে নৌশাদ মুসার ছেলেরা। তবে গ্রুপের প্রথম ম্যাচে একটা সময় ৩-০ ব্যবধানে লিড নিয়েও শেষ মুহূর্তে দু’গোল হজম করে ভারত। তাই মালদ্বীপের বিরুদ্ধে রক্ষণ আরও মজবুত করাই লক্ষ্য কোচ মুসার। প্রথমে স্যাফ কাপের স্কোয়াডে রাখা হলেও, বাংলাদেশের পরিবর্তে নিউজিল্যান্ডে সিনিয়র দলের সঙ্গে যোগ দিয়েছেন লিস্টন কোলাসো। তবে ক্লাবের দায়িত্ব সেরে ইতিমধ্যেই ঢাকায় পৌঁছে গিয়েছেন মহম্মদ ইরফান, পিভি বিষ্ণু, সন্দীপ মান্ডিরা। তাই মালদ্বীপ ম্যাচের আগে কোচ মুসার হাতে বিকল্প বাড়ল। উল্লেখ্য, টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। মোট ৯বার জিতেছে তারা। ২০১৮ সালে এই বাংলাদেশের মাটিতে মালদ্বীপের কাছে ফাইনালে হারের মুখ দেখেছিল ব্লু টাইগার্স। তাই প্রতিপক্ষকে মোটেই হালকাভাবে নিতে নারাজ কোচ মুসা।



